Friday, November 13, 2026
Latestরাজ্য​

২১ নভেম্বর কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর কলকাতা সফরে আসার সম্ভাবনা রয়েছে তাঁর। এই সফরে রেল ও মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের শিলান্যাস করতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্যও বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হতে পারে তাঁর হাত ধরে।

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছতে পারেন প্রধানমন্ত্রী। ওই দিন রাজ্যে একাধিক উদ্বোধনী ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিভিন্ন রেল ও মেট্রো প্রকল্পের পাশাপাশি রাজ্যের অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পও এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকতে পারে।

এই সফর ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা নিয়ে। দীর্ঘ প্রতীক্ষিত এই মেট্রো করিডরের উদ্বোধন কি প্রধানমন্ত্রীর হাত ধরেই হতে চলেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

সূত্রের খবর অনুযায়ী, ২১ নভেম্বরের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের।

সব মিলিয়ে নভেম্বরের ২১ তারিখ প্রধানমন্ত্রীর সম্ভাব্য কলকাতা সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। তবে সফরের চূড়ান্ত কর্মসূচি এবং কোন কোন প্রকল্পের উদ্বোধন হবে, তা আনুষ্ঠানিক ঘোষণার পরই স্পষ্ট হবে।