ডিজেলের সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে ৪৩ টাকা লোকসানের বোঝা বহন করেছে কেন্দ্র, দেশবাসীর স্বার্থে মাত্র ৭ টাকা দাম বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলেও তার সম্পূর্ণ বোঝা সাধারণ মানুষ ও কৃষকদের উপর চাপানো হয়নি বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ডিজেলের লিটারপ্রতি সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে ৪৩ টাকার বোঝা সরকার নিজেই বহন করেছে। ফলে ডিজেলের দাম বাড়ানো হয়েছে মাত্র ৭ টাকা।
বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া টুডে গ্রুপের ‘কিষাণ তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন প্রধানমন্ত্রী।
মোদী জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের সময় কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল। এর ফলে ভারতে ডিজেলের দাম লিটারপ্রতি অন্তত ৫০ টাকা বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বোঝা সাধারণ মানুষ ও কৃষকদের উপর চাপাতে চায়নি কেন্দ্র। তাই মাত্র ৭ টাকা দাম বাড়িয়ে বাকি ৪৩ টাকার বোঝা সরকার নিজেরাই বহন করার সিদ্ধান্ত নেয়।
প্রধানমন্ত্রী আরও দাবি করেন, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষ ও কৃষকদের স্বস্তি দিতে কেন্দ্রকে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হচ্ছে। একই সময়ে প্রতিবেশী দেশগুলিতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শুধু জ্বালানি নয়, কৃষকদের সারের দাম নিয়ন্ত্রণেও বিপুল অর্থ ব্যয় করেছে কেন্দ্র বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে সরকার।
আন্তর্জাতিক বাজারে প্রায় ৫,০০০ টাকা দামের এক বস্তা ডিএপি (DAP) সার ভারতীয় কৃষকদের মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হচ্ছে বলে জানান তিনি। একইভাবে আন্তর্জাতিক বাজারে প্রায় ৩,০০০ টাকা দামের এক বস্তা ইউরিয়া কৃষকদের ৩০০ টাকারও কম দামে সরবরাহ করা হচ্ছে।
মোদী বলেন, ১৬ লক্ষ কোটি টাকা অত্যন্ত বড় অঙ্ক। বিশ্বের একাধিক দেশের বার্ষিক বাজেটও এই পরিমাণের চেয়ে কম।
প্রধানমন্ত্রী আরও বলেন, চাষের খরচ নিয়ন্ত্রণে রাখা এবং কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে সার পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব যাতে কৃষকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি না করে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

