Friday, November 13, 2026
Latestদেশ

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়াল কেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (IRF) উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকার পাশাপাশি শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।

একটি গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (Unlawful Activities Prevention Act), ১৯৬৭-এর ৩ নম্বর ধারার অধীনে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনালও সেই সিদ্ধান্ত বহাল রাখে। আগামী ১৪ নভেম্বর আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েক ওরফে জাকির নায়েক এবং সংগঠনের সদস্যরা ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতার মনোভাব ছড়াতে উৎসাহ ও সহায়তা করেছেন। তাঁদের কার্যকলাপ দেশের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।

মন্ত্রকের আরও অভিযোগ, জাকির নায়েকের বক্তব্য ও বক্তৃতা আপত্তিকর এবং উসকানিমূলক। তাঁর বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়ানো হয়েছে। পাশাপাশি ভারত ও বিদেশে একটি নির্দিষ্ট ধর্মের যুবকদের সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত হতে অনুপ্রাণিত করার অভিযোগও আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে জাকির নায়েকের উগ্র বক্তব্য ও বক্তৃতা পৌঁছেছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যকলাপ অবিলম্বে নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি তাদের গোপনে থাকা সদস্যদের পুনরায় সংগঠিত করতে পারে। এর ফলে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক অশান্তি ও দেশবিরোধী মনোভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও সংগঠনটি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও জঙ্গিবাদকে সমর্থন করে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার জন্য বিপদ তৈরি করতে পারে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সমস্ত কারণ বিবেচনা করেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে অবিলম্বে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে।