বাংলাদেশে নতুন করে অশান্তি, আগুন ধরিয়ে দেওয়া হল মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে ফের নতুন করে অশান্তির আবহ। নোবেলজয়ী ও বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বাড়িটির নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ১৮ নভেম্বর রাত প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় অবস্থিত ইউনূসের চারতলা বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগানো হয়। অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ কর্মীরা নিয়মিত টহল দেওয়ার সময় বাড়িটি থেকে আগুনের শিখা দেখতে পান। এরপর দ্রুত বাড়ির ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ সূত্রে খবর, বাড়িটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকেন। যে ঘরটিতে আগুন লাগে, সেটি বেশ কয়েক বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বাড়িটির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইউনূসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সম্পত্তি ও প্রতিষ্ঠানে হামলার খবর সামনে এসেছে। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়া এলাকার দুটি শাখাতেও সম্প্রতি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরপর এই ধরনের ঘটনায় ইউনূসের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২০০৬ সালে ক্ষুদ্রঋণ (Microfinance) ক্ষেত্রে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার পান মহম্মদ ইউনূস। ২০২৪ সালের ৮ আগস্ট, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের জেরে তার সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ইউনূস।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যকালের অবসান ঘটে।
তবে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন লাগানোর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এখনও অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি। গ্রামীণ ব্যাংকের শাখাগুলিতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে এই হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

