‘করোনায় মৃত’ স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ৩ কিমি হেঁটে শ্মশানে গেলেন স্বামী
হায়দ্রাবাদ: সংক্রমক মারণভাইরাস করোনা কেড়ে নিচ্ছে লাখো লাখো মানুষের। প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করতে গিয়েও হয়রানি পোহাতে হচ্ছে। সম্প্রতি তেলঙ্গানার কামারেড্ডির এক মর্মান্তিক ঘটনায় আঁতকে উঠছে দেশবাসী। গাড়ি না মেলায় ৩ কিলোমিটার রাস্তা কাঁধে করে স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যান নিরুপায় স্বামী।
জানা গেছে, ওই মহিলার নাম নাগলক্ষ্মী (Nagalaxmi)। কামারেড্ডি রেলস্টেশনের কাছে একটি ঝুপড়িতে থাকতেন ওই দম্পতি। ভিক্ষা করে দিন চলত তাঁদের। গত কয়েক দিন ধরে নাগলক্ষ্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর চিকিৎসা করানোর সামর্থ্য ছিলো না স্বামীর। নাগলক্ষ্মীর করোনা হয়েছিল কিনা তাও জানা সম্ভব হয়নি। গত রবিবার নাগলক্ষ্মীর মৃত্যু হয়।
শেষকৃত্যের জন্য রেলের পক্ষ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয় তাঁকে। কিন্তু করোনাকালীন সময়ে সংক্রমণের ভয়ে মৃতদেহ শ্মশান পর্যন্ত নিয়ে যেতে কোনও গাড়ি রাজি হয়নি।
কোনও উপায় খুঁজে না পেয়ে কাপড় দিয়ে স্ত্রীকে জড়িয়ে, মৃতদেহ কাঁধে তুলে কাঁদতে কাঁদতে ৩ কিলোমিটার রাস্তা হেঁটে শ্মশানে পৌঁছান নিরুপায় স্বামী। রবিবার মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হল তেলঙ্গানার কামারেড্ডি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

