‘পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকারী সন্ত্রাসবাদীরা ‘স্বাধীনতা সংগ্রামী’, দাবি পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ ইশাকের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। এই নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা’র ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। আর এই ঘটনার ঠিক দু’দিন পরেই বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার।
বৃহস্পতিবার রাতে ইশাক দার বলেন, “২২ এপ্রিল পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছে, তারা স্বাধীনতা সংগ্রামীও হতে পারে।” তাঁর দাবি, ভারতের হাতে যদি কোনও প্রমাণ থাকে, তা হলে তারা যেন আন্তর্জাতিক মহলের সামনে তা পেশ করে। এই মন্তব্যের মধ্য দিয়ে কার্যত তিনি পহেলগাঁও হত্যাকাণ্ড থেকে পাকিস্তানের হাত সরিয়ে রাখার চেষ্টা করেছেন।
এর আগে, বুধবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ পহেলগাঁও হামলাকে ‘ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ’ বলে অভিহিত করেন। তিনিও দাবি করেন, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও সরাসরি যোগ নেই।
কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। হামলার কয়েক ঘণ্টা পরেই TRF হামলার দায় স্বীকার করে। এই সংগঠনটির সঙ্গে লস্কর-ই-তইবার সরাসরি যোগাযোগ রয়েছে বলেই ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি। India Today


