Sunday, November 15, 2026
Latestদেশ

নির্বাচনবিরোধী বিক্ষোভের জেরে সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করার নির্দেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করার নির্দেশ জারি করেছে লাদাখ প্রশাসন। একইসঙ্গে তাঁকে কোনও প্রকাশ্য সমাবেশ, মিছিল বা বিক্ষোভে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। লেহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশ জারি করেছেন।

গত ৪ ডিসেম্বর হিল কাউন্সিল নির্বাচন করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় লাদাখের বিভিন্ন সংগঠনের বিক্ষোভের মধ্যেই একটি প্রতিবাদস্থল থেকে ওয়াংচুককে সরিয়ে দেওয়া হয়েছিল। তার একদিন পরেই তাঁর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লেহ পুলিশের একটি রিপোর্ট এবং পুলিশ প্রধানের চিঠির ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা প্রয়োগ করে ওয়াংচুকের চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করেছেন ম্যাজিস্ট্রেট।

নির্দেশে বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে এবং আগামী ৬০ দিন পর্যন্ত তা বহাল থাকবে।

আগামী ৪ ডিসেম্বর লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের (Ladakh Autonomous Hill Development Council) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের সময়সূচি নিয়ে ওয়াংচুক-সহ একাধিক স্থানীয় নেতা আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, শীতের কঠিন আবহাওয়া এবং মরশুমি পরিযানের কারণে লাদাখের বহু ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন।

গৃহবন্দি হওয়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ওয়াংচুক দাবি করেন, তাঁকে গৃহবন্দি করা হয়েছে এবং তাঁর বাড়ির চারপাশে কয়েক ডজন সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে।

এক্সে তিনি লেখেন, ‘‘আমাকে গৃহবন্দি করা হয়েছে। কয়েক ডজন সশস্ত্র নিরাপত্তারক্ষী আমার বাড়ি ঘিরে রেখেছেন। অথচ সরকারের বক্তব্য, আমাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত বছরের লেহ-তে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট কেন এখনও প্রকাশ করা হয়নি এবং শীতের মাঝখানে এত দ্রুত কেন কাউন্সিল নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, এমন অস্বস্তিকর প্রশ্ন তোলার জন্যই এই পদক্ষেপ।’’

তিনি আরও দাবি করেন, গোটা লাদাখ প্রতিবাদে সামিল হয়েছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে তাঁর এক্স, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের প্রচার ও দর্শকসংখ্যার নাগাল ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, তাঁর এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানান।

এদিকে, প্রশাসন পার্বত্য পরিষদ, পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন একইসঙ্গে করার সম্ভাবনাও খতিয়ে দেখছে।