Sunday, November 15, 2026
Latestরাজ্য​

দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণে ১,৭১৪ কোটি টাকার অনুমোদন SAIL-এর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের (ASP) আধুনিকীকরণ প্রকল্পে ১,৭১৪ কোটি টাকা অনুমোদন করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)। গত ২৫ সেপ্টেম্বর সংস্থার ৫৩৭তম বোর্ড বৈঠকে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের অনুমোদন দেওয়া হয়।

এই প্রকল্পের মাধ্যমে কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিটের আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি দুর্গাপুরেই উন্নতমানের ইস্পাতের চূড়ান্ত পণ্য উৎপাদনের পরিকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে উৎপাদিত ইস্পাত প্রক্রিয়াকরণের জন্য SAIL-এর সালেম ও ভদ্রাবতী কারখানার উপর নির্ভরতা কমবে।

প্রতিরক্ষা, রেল এবং মহাকাশ কর্মসূচিতে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের এই কারখানার উৎপাদিত ইস্পাত ব্যবহৃত হয়ে আসছে। আধুনিকীকরণের পর বিশেষ ধরনের ইস্পাত উৎপাদনের উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। SAIL-এর এক্সিকিউটিভ ফেডারেশন কাউন্সিলের এক সদস্যের বক্তব্য অনুযায়ী, বছরে ২.৬৫ লক্ষ টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়ার পর ৩০ থেকে ৩৬ মাসের মধ্যে আধুনিকীকরণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে প্রকল্পের কাজ শুরুর নির্দিষ্ট তারিখ, চূড়ান্ত উৎপাদন ক্ষমতা এবং নতুন কর্মসংস্থানের সংখ্যা এখনও ঘোষণা করা হয়নি।