SIR-এ স্বাস্থ্যসাথী ও রেশন কার্ডকে মান্যতা দেওয়ার আর্জি খারিজ করলো নির্বাচন কমিশন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডকে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে মান্যতা দেওয়ার আর্জি জানান। এই আর্জি পাঠানো হয় হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। তবে সিইও মনোজ আগরওয়াল এই প্রস্তাবে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন এবং জানান, ‘আমি অপারগ।’ পাশাপাশি এই আর্জি আপাতত সিইও দপ্তরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশন (ECI)-এর নজরে আনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
নবান্ন সূত্রে জানা যায়, সিইও দপ্তর রাজ্যের প্রশাসনকে জিজ্ঞেস করেছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য বাংলার মানুষের হাতে ১১টি নথি ছাড়াও আর কি কি নথিপত্র রয়েছে। সেই সময়ে মুখ্য সচিব মনোজ পন্থ স্বাস্থ্যসাথী ও রেশন কার্ডের কথা উল্লেখ করেছিলেন। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাসে SIR সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি হতে পারে। তার পরে ভোটার তালিকা সংশোধনের কার্যক্রম শুরু হবে। তবে এখনও নির্দিষ্ট তারিখ বা সময়সূচি প্রকাশ করা হয়নি।
এদিকে, এই ইস্যুতে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্য সরকার ভীষণভাবে ভয়ে রয়েছে। তারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশের পথ খুলে দিয়েছে। তাদেরকে রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছে। যেভাবে আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে ফেলা হচ্ছে, তাতে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ তো বাঁ হাতের খেলা। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যসাথী কার্ড কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত হতে পারে না।”


