Friday, January 23, 2026
Latestআন্তর্জাতিক

‘ভারতের সঙ্গে ফের সুসম্পর্ক গড়ে উঠবে, মোদীকে নমস্কার’, বললেন নেপালের অন্তবর্তী সরকারের হবু প্রধানমন্ত্রী সুশীলা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেপালের রাজনীতিতে নতুন মোড় নিয়ে আসতে চলেছেন প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুশীলা কার্কি। জেন জি আন্দোলনের নেতৃত্বে সুশীলা কার্কিকে দেশের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছে। সুশীলা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

নেপাল ও ভারতের মধ্যে প্রতিবেশী সম্পর্ক থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা দূরত্ব ও অবিশ্বাস তৈরি হয়েছিল। তবে সুশীলা কার্কি আশাবাদ প্রকাশ করেছেন যে, এই মতোভেদ দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবে। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি তার স্পষ্ট জোর রয়েছে। ৭৩ বছর বয়সি সুশীলা কার্কি তার পড়াশোনা ভারতে—বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। এই কারণে ভারত সম্পর্কে তার একটি বিশেষ আকর্ষণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

তিনি বলেন, “আমরা দীর্ঘ দিন ধরে ভারতের সাথে আলোচনা করছি না। তবে আমরা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে একযোগে কাজ করব এবং যৌথ নীতি তৈরি করব।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার বিশেষ শ্রদ্ধাও স্পষ্ট হয়েছে। তিনি আরও বলেন, “ভারত সব সময় নেপালকে সাহায্য করেছে। কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকলেও আমরা আশা করি আগামী দিনে আরও সুসম্পর্ক গড়ে উঠবে।”

একই সঙ্গে সুশীলা কার্কি নিশ্চিত করেছেন যে, সরকার পর্যায়ে সম্পর্ক আলাদা হলেও দুই দেশের সাধারণ নাগরিকদের মধ্যে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

বিশেষ করে বর্তমানে নেপালে অবস্থিত ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধারের ব্যবস্থা শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আশ্বাস দিয়েছেন যে, সকল ভারতীয় নাগরিকের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই মুহূর্তে নেপালের সেনা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। পাশাপাশি, বিক্ষোভের সময়ে নিহত ব্যক্তিদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সুশীলা কার্কির নেতৃত্বে নেপাল–ভারতের সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছানোর প্রত্যাশা করছেন কূটনীতিকরা। দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি নতুন অধ্যায় সূচিত হতে চলেছে।