Monday, April 13, 2026
Latestরাজ্য​

ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগেই পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়ালেন মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলার বিধানসভা ভোট ঘোষণার আগেই পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন তাঁরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতেন। এবার সেই ভাতা ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ২০০০ টাকা করা হল।

উল্লেখ্য, রবিবার বিকেল ৪টেয় নির্বাচন কমিশন (Election Commission of India) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে। তার ঠিক আগে, দুপুর ২টো ৪০ মিনিটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, “পুরোহিত ও মুয়াজ্জিনরা সমাজের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পরিষেবা বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক পরিকাঠামোকে সমৃদ্ধ করে। সেই কারণেই তাঁদের মাসিক সম্মানী ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

একই সঙ্গে তিনি জানান, “পুরোহিত ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে যেসব নতুন আবেদন জমা পড়েছিল, সেগুলিও রাজ্য সরকার অনুমোদন করেছে।”

মুখ্যমন্ত্রীর কথায়, “রাজ্য সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি সম্প্রদায় ও তাদের ঐতিহ্যকে সমান মর্যাদা দেওয়া হয়। সমাজের আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক-বাহকদের প্রাপ্য সম্মান ও সহায়তা দেওয়াই সরকারের লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি।”

উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা বাড়িয়েছে। যেমন লক্ষীর ভান্ডারের (Lakshmir Bhandar) ভাতা বৃদ্ধি এবং তরুণদের জন্য যুব সাথী (Yuva Sathi) প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ভোটের আগে এই নতুন সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।