আমি ছবি বিক্রি করে এক এক সেকেন্ডে ৬-৭ কোটি টাকা রোজগার করতে পারি: মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের কর্মীসভায় বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ছবি বিক্রি করেই আমি ৬-৭ কোটি টাকা এক এক সেকেন্ডে রোজগার করতে পারি। কিন্তু আমি সেটা করি না।’
তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি তো প্রদর্শনী করে ছবি বিক্রি করলে ৬ – ৭ কোটি টাকা এক এক সেকেন্ডে রোজগার করতে পারি। কিন্তু আমি তো করি না। মাঝে পার্টি ক্ষমতায় আসার আগে আমাকে করতে হয়েছিল। কারণ পার্টির লড়ার ক্ষমতা ছিল না। তখন আমরা ওপেন একজিবিশন করেছিলাম। তাই নিয়ে প্রশ্ন উঠেছে। আমি আমার সৃষ্টি কী ভাবে ব্যবহার করব এটা যার যার নিজস্বতা। তাহলে আমার চলে কী করে? দল আমাকে দেখে এটা ঠিক। কিন্তু আমার প্রায় ১০৭ – ১০৮টা বই বেরিয়েছে। আমি প্রতি বছর বইয়ের রয়্যালিটি পাই। ১০ শতাংশ করে। যতটা দেয় সেটাই যথেষ্ট। আমার বই সব থেকে বেশি বিক্রি হয়। এছাড়া আমার গানের সিডি আছে। সেখান থেকে আমি একটা রয়্যালিটি পাই ৪ – ৫ লাখ টাকার মতো বছরে’।

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর মোটা টাকায় বিক্রি হতে শুরু করে মমতার আঁকা ছবি। একাধিক শিল্পপতি ও চিটফান্ড মালিকরা মোটা টাকা দিয়ে মমতার আঁকা ছবি কেনেন। সিবিআই জানিয়েছে, সারদাকর্তা সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রীর আঁকা একটি ছবি ১ কোটি ৮৬ লাখ টাকা দিয়ে কিনেছিলেন।

