Wednesday, September 16, 2026
Latestরাজ্য​

বসিরহাটে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্তা অভিযোগ মাদ্রাসার শিক্ষক রাজ্জাকের বিরুদ্ধে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তর ২৪ পরগনার বসিরহাটের আন্দুলপোতার একটি বেসরকারি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির এক নাবালিকা পড়ুয়াকে শ্লীলতাহানির চেষ্টা, মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম রাজ্জাক। ঘটনায় রাজ্জাকের পাশাপাশি ইয়াসিন ও গোলাম আকবর নামে আরও দু’জনের বিরুদ্ধে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।

পরিবারের অভিযোগ, রাজারহাটের বাসিন্দা ১১ বছরের ওই ছাত্রী গত দু’বছর ধরে আন্দুলপোতার ওই মাদ্রাসায় পড়াশোনা করছে। গত ৮ তারিখ অভিযুক্ত শিক্ষক রাজ্জাক জোরপূর্বক ছাত্রীর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। ছাত্রী বাধা দিলে তাকে মারধর করা হয় এবং বিষয়টি কাউকে জানালে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয় বলে পরিবারের দাবি।

পরিবারের আরও অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত শিক্ষক খারাপ আচরণ করতেন। ঘটনার পর মাদ্রাসা কমিটির সদস্য ইয়াসিন ও গোলাম আকবরের কাছে বিষয়টি জানিয়ে বিচার চাওয়া হয়। তবে অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নিয়ে বিষয়টি প্রকাশ্যে আনলে দেখে নেওয়ার হুমকি দেয়।

এরপর রবিবার মাটিয়া থানায় অভিযুক্ত শিক্ষক রাজ্জাক-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।