বিহারের রেলপ্রকল্পে ৩,১৬৯ কোটি টাকা অনুমোদন কেন্দ্রের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেলপথে ডবল লাইনের কাজের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রকল্পে মোট ৩,১৬৯ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের সুবিধা পাবে বিহার, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড।
বর্তমানে ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেলপথে একটিই সিঙ্গল লাইন রয়েছে। সম্প্রসারণের ফলে মোট ১৭৭ কিলোমিটার রেলপথে ডবল লাইন স্থাপন করা হবে, যার মধ্যে প্রায় ৪৭ কিলোমিটার পশ্চিমবঙ্গের আওতাভুক্ত।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি শুধু যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ নয়, বরং অঞ্চলটির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি জানান, “বর্তমানে ভাগলপুর থেকে অধিকাংশ ট্রেন মালদহ টাউন ও রামপুরহাট হয়ে হাওড়ায় যায়। তবে ডবল লাইনের কাজ সম্পূর্ণ হলে ভাগলপুর থেকে দুমকা হয়ে সরাসরি রামপুরহাটে পৌঁছানোর ব্যবস্থা তৈরি হবে।”
প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রায় ৪৪১টি গ্রাম ও ২৮ লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রক।


