Sunday, November 22, 2026
কলকাতা

মুম্বাইয়ের পার্কে যুগলের উপর হামলা, আটক অভিযুক্ত ৮ নাবালক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুম্বাইয়ের কুরলা পশ্চিমের প্রমোদ মহাজন গার্ডেনে ছবি তুলতে গিয়ে এক যুগল হামলার শিকার হয়েছেন। তাঁদের উপর লাঠি, বেল্ট ও পাথর দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার পর আট নাবালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ফিনিক্স মলের কাছে একটি পার্কে ওই যুগল ছবি তুলছিলেন। সেই সময় সেখানে উপস্থিত ৮ থেকে ১০ জন কিশোর তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করে বলে অভিযোগ। যুগল এর প্রতিবাদ জানালে তাঁদের উপর চড়াও হয় অভিযুক্তরা।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তরা লাঠি দিয়ে যুগলকে মারধর করছে। এমনকী তাঁদের সিঁড়ি দিয়ে কিছুটা দূর পর্যন্ত তাড়া করতেও দেখা যায়। পুরুষ সঙ্গীকে লাথি ও ঘুষি মারার দৃশ্যও ভিডিওতে ধরা পড়েছে। স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন।

যুগলের অভিযোগের ভিত্তিতে আট নাবালককে আটক করে মামলা দায়ের করেছে পুলিশ। ডিসিপি গণেশ শিন্ডে জানিয়েছেন, অভিযুক্তদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হবে।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৮৯(২), ১৮৯(৪), ১১৮(১), ৩৫২ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে। বেআইনি জমায়েত, অস্ত্র বা বিপজ্জনক বস্তু নিয়ে হামলা, স্বেচ্ছায় আঘাত করা, শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান এবং অপরাধমূলক ভয় দেখানোর মতো অভিযোগ এই ধারাগুলির অন্তর্ভুক্ত।

এদিকে, বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়ার দাবি, আক্রান্ত যুগল হিন্দু এবং অভিযুক্তরা ‘মুসলিম উগ্রপন্থী’। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত ৮ কিশোরের মধ্যে ৫ জনের অভিভাবককে নোটিস পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৪টের সময় তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানান।

অন্যদিকে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা ইনতেখাব ফারুকিও এই ঘটনার নিন্দা করেছেন। তার বক্তব্য, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।