১৩ নভেম্বর বেঙ্গালুরুর নাম্মা মেট্রোর পিঙ্ক লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ১৪ নভেম্বর থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হতে চলেছে বেঙ্গালুরুর নাম্মা মেট্রোর পিঙ্ক লাইনের বান্নেরঘাট্টা রোডের ৭.৫ কিলোমিটার দীর্ঘ উড়ালপথের অংশ। বুধবার এই ঘোষণা করেন কর্ণাটকের বৃহত্তর বেঙ্গালুরু উন্নয়নমন্ত্রী কৃষ্ণা বাইরে গৌড়া।
তিনি জানান, ১৩ নভেম্বর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুর ১২টা ৩০ মিনিটে ডেয়ারি সার্কেলের কাছে ফায়ার স্টেশন থেকে তাভারেকেরে মেট্রো স্টেশনে পৌঁছে পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মেট্রোয় চেপে আইআইএমবি বিলেকাহাল্লি স্টেশনে যাবেন এবং আইআইএমবি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রাথমিকভাবে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (BMRCL) এই রুটে মোট পাঁচটি ট্রেন চালাবে। এর মধ্যে চারটি নিয়মিত পরিষেবায় থাকবে এবং একটি অতিরিক্ত ট্রেন হিসেবে রাখা হবে। ব্যস্ত সময়ে প্রতি আট মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। সিগন্যালিং ব্যবস্থা স্থিতিশীল হওয়ার পর এবং যাত্রীদের চাহিদার ভিত্তিতে ট্রেনের সংখ্যা ও পরিষেবা বাড়ানো হবে।
মন্ত্রী কৃষ্ণা বাইরে গৌড়া জানান, মাত্র ৭.৫ কিলোমিটার দীর্ঘ হলেও এই রুটে যথেষ্ট যাত্রী পাওয়া যাবে বলে তাঁরা আশাবাদী। বিশেষ করে জয়দেবা হাসপাতাল মেট্রো স্টেশনে যাত্রীরা ইয়েলো লাইনে ওঠার সুযোগ পাবেন। এর ফলে ইলেকট্রনিক্স সিটি, এইচএসআর লেআউট এবং জয়নগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত আরও সহজ হবে।
বান্নেরঘাট্টা রোডের এই অংশ চালু হলে বেঙ্গালুরুর মেট্রো নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য বেড়ে দাঁড়াবে ১০৩.৬ কিলোমিটার। দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক হয়ে উঠবে বেঙ্গালুরু।
এছাড়াও পিঙ্ক লাইনের ১৩.৭৬ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ অংশ, যা ডেয়ারি সার্কেল থেকে এমজি রোড হয়ে নাগাওয়ারা পর্যন্ত বিস্তৃত, আগামী বছর চালু করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, সিল্ক বোর্ড জংশন থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৫৮.৪৪ কিলোমিটার দীর্ঘ ব্লু লাইন আগামী দেড় বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সিল্ক বোর্ড জংশন থেকে কেআর পুরম এবং হেব্বাল থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ প্রায় এক বছরের মধ্যে চালু হতে পারে। কেআর পুরম থেকে হেব্বাল পর্যন্ত অংশ চালু করতে আরও ছয় মাস সময় লাগবে বলে জানান মন্ত্রী।
পাশাপাশি, মেট্রোর তৃতীয় পর্যায়ের অধীনে ৪৪.৬৫ কিলোমিটার দীর্ঘ অরেঞ্জ লাইনের কাজ নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এবং শিলান্যাস সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্পে জেপি নগর চতুর্থ পর্যায় থেকে কানাকাপুরা রোড ও মাইসুরু রোড হয়ে হেব্বাল পর্যন্ত এবং মাগাদি রোডের হোসাহাল্লি থেকে কাদাবাগেরে পর্যন্ত মেট্রো সংযোগ তৈরি করা হবে।
২০২৪ সালের অক্টোবর মাসে তৃতীয় পর্যায়ের অনুমোদন মিললেও এখনও নির্মাণকাজ শুরু হয়নি। কারণ, কর্ণাটক সরকারের প্রস্তাবিত ডাবল-ডেকার ভায়াডাক্ট নির্মাণ নিয়ে কেন্দ্র আপত্তি জানিয়েছে। এই পরিকল্পনায় একই কাঠামোর মধ্যে মেট্রো লাইন এবং সড়ক উড়ালপুল নির্মাণের কথা রয়েছে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নাগপুরে ডাবল-ডেকার প্রকল্পের অনুমোদন দিলেও বেঙ্গালুরুর ক্ষেত্রে কেন্দ্র এখনও অনুমতি দেয়নি। এ নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি।

