Thursday, November 12, 2026
Latestরাজ্য​

‘আতশবাজি রোগ সারায়!’, বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন পাপিয়া অধিকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আতশবাজি পোড়ালে জীবাণু ও ভাইরাস মারা যায় এবং রোগ নিরাময়ে সাহায্য হয়—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। সমালোচনার মুখে পড়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করতেও রাজি হয়েছেন।

পাপিয়া অধিকারীর দাবি, ‘দীপাবলি ও কালীপুজোয় আতশবাজি পোড়ানো নিয়ে তাঁর মন্তব্যের ভিত্তি হলো পূর্বপুরুষদের কাছ থেকে চলে আসা প্রচলিত বিশ্বাস।’ তাঁর অভিযোগ, ‘বিরোধীরা তার বক্তব্যকে বিকৃত করে টেলিভিশনের টিআরপি এবং অনলাইনে ভিউ বাড়ানোর চেষ্টা করছেন।’

একটি বাংলা টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, “আমি যখনই কিছু বলি, আমার বিরোধীরা সেটিকে নিজেদের টিআরপি ও ভিউ বাড়ানোর কাজে ব্যবহার করেন। আমি কাশি দিলেও বা হাঁচি দিলেও তথাকথিত সেকু-মাকুরা (ধর্মনিরপেক্ষ ও বামপন্থীদের উদ্দেশে ব্যবহৃত শব্দ) সেটি নিয়ে পড়ে যান।”

তিনি আরও বলেন, “আমি বলতে চেয়েছিলাম, দীপাবলি ও কালীপুজোর রাতে বাজি পোড়ালে জীবাণু মারা যায়। আমাদের ঠাকুমা-দিদিমা এবং প্রবীণরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনটাই বলে এসেছেন। প্রদীপ জ্বালালে অশুভ শক্তি দূর হয়।”

ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের প্রস্তাব

পরবর্তীতে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন বিজেপি বিধায়ক। তিনি স্বীকার করেন, ‘পূর্বপুরুষদের কাছ থেকে চলে আসা প্রচলিত বিশ্বাস আধুনিক বিজ্ঞানের নিরিখে সব সময় উপযুক্ত নাও হতে পারে।’

পাপিয়া অধিকারী বলেন, “আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে চলে আসা একটি প্রাচীন বিশ্বাস রয়েছে। আসলে এটি আলোর উৎসব, প্রদীপ জ্বালানোর উৎসব। এর উদ্দেশ্য সামাজিক কুপ্রথা দূর করা। অতীতে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের সামাজিক কুপ্রথার বিরুদ্ধে পদক্ষেপ করা হতো। কিন্তু বর্তমানে আমরা বিজ্ঞানের উন্নত যুগে বাস করছি। তাই হয়তো এই দৃষ্টিভঙ্গি এখন আর উপযুক্ত নয়।”

তিনি আরও বলেন, “আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। আমি আমার বক্তব্য প্রত্যাহার করতে রাজি। আমার ওই মন্তব্যকে প্রত্যাহার করা হয়েছে বলে ধরে নিন। তবে মূল বক্তব্য একই রয়েছে—সামাজিক কুপ্রথা অতীতেও দূর করা হয়েছে এবং এখনও তা দূর করা সম্ভব।”

ঠিক কী মন্তব্য করেছিলেন বিজেপি বিধায়ক?

শনিবার নিজের টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন পাপিয়া অধিকারী। সেখানে তিনি বলেছিলেন, “আপনারা দেখবেন, আতশবাজি পোড়ালেও বেশ কিছু রোগ নিরাময়ে সাহায্য হয়।”

এছাড়াও তিনি দাবি করেছিলেন, সবুজ বাজি (Green Crackers) ছাড়া কালীপুজো সম্পূর্ণ হতে পারে না। তার কথায়, “সবুজ বাজি ছাড়া কালীপুজো কীভাবে সম্পূর্ণ হবে? আমরা অবশ্যই সবুজ বাজি পোড়াব।”

তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘পুলিশের নির্দেশিকা মেনেই সমস্ত উৎসবের আয়োজন করা হবে।’