কাশ্মীরে আহত বাংলার বীর জওয়ান শান্তনু চন্দ্রের সাহস, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমকে স্যালুট জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার কাশ্মীরের কুলগামে CRPF-এর নাকা চেকিং চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৩ জওয়ান। তাঁদের একজন হলেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের শাঁখারিবাজার এলাকার বাসিন্দা শান্তনু চন্দ্র। এ প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বাংলার বীর সন্তানের সাহসকে কুর্নিশ, দেশরক্ষার লড়াইকে স্যালুট।
কাশ্মীরের মাটিতে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আহত বাংলার বীর জওয়ান শান্তনু চন্দ্রের সাহস, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট।
আমরা যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি, তখন সীমান্তে কিংবা দেশের স্পর্শকাতর এলাকাগুলিতে নিজেদের জীবন বাজি রেখে পাহারা দেন আমাদের বীর সেনা ও নিরাপত্তারক্ষীরা। তাঁদের কাছে ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়েও বড় দেশের নিরাপত্তা, দেশের সম্মান এবং কোটি কোটি দেশবাসীর সুরক্ষা। শন্তনু চন্দ্র সেই অসংখ্য সাহসী সন্তানেরই একজন, যাঁদের বীরত্বে ভারতবর্ষ নিরাপদ থাকার স্বপ্ন দেখে।
কাশ্মীরের মাটিতে জঙ্গি হামলায় আহত হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন জওয়ানের শরীরে লাগা প্রতিটি আঘাত আসলে গোটা দেশের হৃদয়ে আঘাত। বাংলার মায়ের কোলের সন্তান আজ দেশের সুরক্ষায় লড়াই করতে গিয়ে আহত। এই মুহূর্তে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁর পরিবার-পরিজনকে জানাই আন্তরিক সমবেদনা ও আশ্বাস—এই লড়াইয়ে তাঁরা একা নন, গোটা রাজ্য তাঁদের পাশে রয়েছে।
তবে এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক আমাদের মনে রাখতে হবে। জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার মুখেও আমাদের নিরাপত্তাবাহিনীর সদস্যরা যে সাহস, সতর্কতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁদের দ্রুত ও কার্যকর প্রত্যাঘাত এবং সম্মিলিত তৎপরতায় শেষ পর্যন্ত হামলাকারীদের পরিকল্পনা সফল হতে দেওয়া হয়নি। যে বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল, নিরাপত্তাবাহিনীর সাহসী পদক্ষেপে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সন্ত্রাসের সামনে মাথা নত না করে কীভাবে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হয়, আমাদের জওয়ানরা আবারও তা প্রমাণ করেছেন।
আমাদের স্পষ্ট বার্তা—ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও আপস নয়। বাংলার প্রতিটি মানুষ শান্তনু চন্দ্রের দ্রুত সুস্থতা কামনা করছে। তাঁর সাহস আমাদের গর্ব, তাঁর লড়াই আমাদের প্রেরণা।
শান্তনু ,আপনার বীরত্বের কাছে রাজ্যের প্রতিটি মানুষ ঋণী। আপনার দ্রুত সুস্থতা কামনা করি।
জয় হিন্দ!
বন্দেমাতরম!”

