Thursday, November 12, 2026
Latestদেশ

অসমে ৫০১ কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে কস্টিক সোডা কারখানা, উপকৃত হবে নুমালিগড় রিফাইনারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমে ৫০১ কোটি টাকা বিনিয়োগে একটি কস্টিক সোডা (Caustic Soda) কারখানা তৈরি করা হবে। বুধবার এই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (NRL) কাঁচামালের চাহিদা পূরণের লক্ষ্যেই এই কারখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ‘নতুন কারখানাটি চালু হলে কস্টিক সোডার জন্য বাইরের রাজ্যের উপর নির্ভরতা কমবে। পাশাপাশি অসমের শিল্প পরিকাঠামো ও শিল্পক্ষেত্রের সামগ্রিক উন্নয়নেও গতি আসবে।’

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ‘অসমেই যখন এই কাঁচামাল উৎপাদন করা সম্ভব, তখন এর আর্থিক মূল্য কেন অন্যত্র চলে যাবে?’

উল্লেখ্য, নুমালিগড় রিফাইনারি লিমিটেড প্রতি বছর অসমের বাইরে থেকে হাজার হাজার মেট্রিক টন কস্টিক সোডা আমদানি করে। প্রস্তাবিত কারখানাটি তৈরি হলে সেই নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া পরিবহণ ও সরবরাহ সংক্রান্ত খরচ কমবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং রাজ্য সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে অসমের বৃহত্তর শিল্প ও পেট্রোকেমিক্যাল ক্ষেত্রের বিকাশেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

তবে প্রস্তাবিত কারখানাটি কোথায় তৈরি হবে, এর উৎপাদন ক্ষমতা কত হবে, কবে নির্মাণকাজ শুরু হবে এবং কোন সংস্থা প্রকল্পটি বাস্তবায়ন করবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী এখনও বিস্তারিত কিছু জানাননি।