Friday, October 2, 2026
Latestদেশ

২০২৬ সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে রেকর্ড ১৮টি যুদ্ধজাহাজ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালকে ভারতীয় নৌবাহিনীর জন্য ঐতিহাসিক বছর হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চলতি বছরে ভারতীয় নৌবাহিনীতে ১৮টি যুদ্ধজাহাজ (Warships) অন্তর্ভুক্ত বা কমিশন করার পরিকল্পনা রয়েছে। নৌবাহিনীর ইতিহাসে এক বছরে এত বেশি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্তির ঘটনা এই প্রথম।

নয়াদিল্লিতে গতকাল ভারতীয় নৌবাহিনীর দ্বিবার্ষিক কমান্ডার্স কনফারেন্স ২০২৬-এর দ্বিতীয় সংস্করণে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এই অগ্রগতি ভারতের দেশীয় নৌ-জাহাজ নির্মাণ ব্যবস্থার ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। রাজনাথ সিং বলেন, ভারতের যুদ্ধজাহাজ নির্মাণ ব্যবস্থা এখন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে সক্ষম।

প্রতিরক্ষামন্ত্রী জানান, সম্প্রতি কমিশন করা যুদ্ধজাহাজগুলিতে ৭৫ শতাংশেরও বেশি দেশীয় প্রযুক্তি ও উপাদান (Indigenous Content) রয়েছে। একই সঙ্গে ভারতের সামুদ্রিক নজরদারি ব্যবস্থা আরও উন্নত করার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, বর্তমান নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ হলেও সমুদ্রপথে বাড়তে থাকা যান চলাচলের পরিমাণ ও জটিলতার কারণে আরও উন্নত বিশ্লেষণাত্মক সক্ষমতা তৈরি করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নৌবাহিনীর আধুনিকীকরণের প্রতি সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে ভারতীয় নৌবাহিনী একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করছে। দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সামুদ্রিক ক্ষেত্রে ভারতের শক্তি প্রদর্শনে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান তিনি।

বদলে যাওয়া নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও উচ্চস্তরের যুদ্ধ-প্রস্তুতি বজায় রাখা এবং গোটা অঞ্চলে দায়িত্ব পালন করার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। কৌশলগত গভীরতা এবং আঞ্চলিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে নৌবাহিনীর ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বাহিনীকে তার গতি অব্যাহত রাখার আহ্বান জানান।

রাজনাথ সিং বলেন, ভারতীয় নৌবাহিনীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ফিউচার-রেডি’, ‘কমব্যাট-রেডি’ এবং বিশ্বজুড়ে সম্মানিত একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।