IIT দিল্লি তৈরি করলো ভারতের প্রথম দেশীয় মাইক্রো-GPU, কমবে বিদেশ থেকে চিপ আমদানি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় প্রযুক্তিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। IIT দিল্লির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি কার্যকর ও প্রদর্শনযোগ্য মাইক্রো-গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (micro-GPU) তৈরি করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি এটিই প্রথম কার্যকর ও প্রদর্শনযোগ্য দেশীয় micro-GPU।
গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা GPU আধুনিক কম্পিউটিং প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML) সহ বিভিন্ন ক্ষেত্রে GPU ব্যাপকভাবে ব্যবহৃত হয়। IIT দিল্লির তৈরি এই micro-GPU মূলত আমদানি করা GPU প্রযুক্তির উপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
IIT দিল্লির প্রকাশিত তথ্য অনুযায়ী, গবেষকরা কাস্টম ফ্লোটিং-পয়েন্ট GPU ইঞ্জিন তৈরি করেছেন, যা সম্পূর্ণভাবে Register Transfer Language (RTL)-এ বাস্তবায়িত এবং Spartan-7 Field-Programmable Gate Array (FPGA) প্ল্যাটফর্মে ম্যাপ করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রোগ্রামেবল গ্রাফিক্স রেন্ডারিংও প্রদর্শন করা হয়েছে।
এই micro-GPU আর্কিটেকচার মূলত বিভিন্ন embedded application-এর জন্য দেশীয় গ্রাফিক্স ও ডিসপ্লে-প্রসেসিং ব্যবস্থা তৈরির উপযোগী। শিল্পক্ষেত্রের কন্ট্রোল ডিসপ্লে, কম খরচের Human-Machine Interface, ই-রিকশার ড্যাশবোর্ড নেভিগেটর, ছোট মাছ ধরার নৌকার জন্য অভ্যন্তরীণ জলপথের নেভিগেশন টার্মিনাল এবং শিক্ষামূলক ই-বুক রিডারের মতো কাজে এটি ব্যবহার করা যেতে পারে।
গবেষকদের তৈরি হার্ডওয়্যার আর্কিটেকচারটি একটি স্কেলেবল ও প্রোগ্রামেবল গ্রাফিক্স প্রসেসর IP, যা ভবিষ্যতে ASIC বা FPGA-র মতো প্রোগ্রামেবল হার্ডওয়্যারে ব্যবহার করা সম্ভব।
IIT দিল্লি জানিয়েছে, গবেষকরা বর্তমানে ৮ থেকে ১৬ কোরের ভেক্টর-স্টাইল গ্রাফিক্স প্রসেসর আর্কিটেকচার, একটি উন্নত কম্পাইলার এবং গ্রাফিক্স সফটওয়্যার টুলচেইন তৈরির রোডম্যাপ নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে 65 nm ASIC process node ব্যবহার করে প্রযুক্তিটির একটি Proof of Concept তৈরির পরিকল্পনাও রয়েছে।
গবেষকদের মতে, 65 nm-এর মতো পরিণত সেমিকন্ডাক্টর প্রসেস নোড ব্যবহার করে embedded system-এর জন্য অর্থনৈতিকভাবে কার্যকর ও ব্যবহারযোগ্য দেশীয় graphics silicon তৈরি করা সম্ভব হতে পারে।
এই প্রযুক্তির ASIC development, system integration এবং পরবর্তীতে বাণিজ্যিকীকরণের জন্য গবেষক দলটি অর্থসাহায্য খুঁজছে।
প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন IIT দিল্লির MTech-এর ছাত্র নাম্মি আকাশ ও রবি তেজা। তাঁদের গবেষণায় নেতৃত্ব ও নির্দেশনা দিয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জয়দেব এবং অধ্যাপক কৌশিক সাহা।
নাম্মি আকাশ ও রবি তেজা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ছিল FPGA-তে বাস্তবায়নযোগ্য এবং ভবিষ্যতে ASIC-এ ব্যবহারের উপযোগী একটি ছোট কিন্তু প্রকৃত অর্থে প্রোগ্রামেবল graphics-processing architecture তৈরি করা। তাঁদের আশা, এই ধরনের দেশীয় হার্ডওয়্যার সাশ্রয়ী ডিজিটাল-অ্যাক্সেস প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা করবে এবং ডিজিটাল বিভাজন কমাতেও ভূমিকা রাখবে।

