‘আর কত আচ্ছে দিন চাই?, ধর্মকে আফিং বলা কমিউনিস্টদের হিন্দুত্ববাদী বানিয়ে দিলেন বাগেশ্বর বাবা’, দাবি মানব গুহর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর আমিষ না খাওয়া নিয়ে চলছে তীব্র বিতর্ক। এবার এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক মানব গুহ বলেন, “আর কত আচ্ছে দিন চাই? বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ একটা অসাধারণ কাজ করে গেলেন। ধর্মকে আফিং বলা কমিউনিস্টদের হিন্দুত্ববাদী বানিয়ে দিলেন। তারা এখন মার্ক্স, এঙ্গেলস, হো চি মিন, মাও সে তুং, কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল, তাদের লাল বিপ্লবের বিভিন্ন বই বাদ দিয়ে রামকৃষ্ণ, বিবেকানন্দ, হিন্দু ধর্মের বিভিন্ন ধারার উপাসনা পদ্ধতি, বেদ, মহাভারত থেকে বিভিন্ন লাইন খুঁজে বেড়াচ্ছে। মাংস খাওয়া নিয়ে হিন্দু গ্রন্থে কি বলা হয়েছে, সেটাও খুঁজছে। অদ্ভুত এক পরিবর্তন।
এক সময় কমিউনিস্টরা যাকে মৃগী রোগী বলতো সেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথার উদ্ধৃতি দিচ্ছে। এক সময় ভন্ড সাধু বলা বিবেকানন্দকে আদর্শ হিসেবে দেখাতে চাইছে। তাদের কাছে বিষবৎ পরিত্যাজ্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদাহরণ খোঁজার চেষ্টা করছে। সাধক বামাক্ষ্যাপাকেও নতুন করে খোঁজার চেষ্টা করছে। হিন্দু ধর্মের উদারতা, বহুত্ববাদের কথা প্রচার করার চেষ্টা করছে।
এর চাইতে আর কত “আচ্ছে দিন” চাই ? যাক, এই দিয়েই শুরু হোক। “মরা” “মরা” করতে করতে যেমন রত্নাকর দস্যু “রাম” “রাম” উচ্চারণ করতে করতে ঋষি বাল্মিকীতে রূপান্তরিত হয়েছিলেন, কম্যুনিস্টদেরও সেই রকম পরিবর্তিত রূপ আমরা দেখতে পাবো এই আশা রাখি। পরিবর্তন শুরু হয়েছে…..”

