টানা দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা, মঙ্গলবার শপথ নেবেন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমে ফের সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিপুল জয়ের পর টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার গুয়াহাটিতে বিজেপির রাজ্য দফতরে অনুষ্ঠিত নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাঁকে ফের পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। এর ফলে নতুন সরকারে মুখ্যমন্ত্রী পদে তাঁর নামেই কার্যত সিলমোহর পড়ে।
দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সায়েনি। বৈঠকে এনডিএর শরিক দলগুলিও হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বের প্রতি সমর্থন জানায়।
আগামী মঙ্গলবার গুয়াহাটির ভেটেনারি মেডিকেল কলেজ ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা।
অসম বিধানসভার মোট ১২৬টি আসনের মধ্যে এনডিএ জোট জয় পেয়েছে ১০২টিতে। এর মধ্যে বিজেপি একাই দখল করেছে ৮২টি আসন। জোটসঙ্গী অসম গণপরিষদ এবং বরোল্যান্ড পিপুলস ফ্রন্ট পেয়েছে ১০টি করে আসন। ফলাফলের পর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, অসমে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন জোট।
রবিবার বৈঠকের পর হিমন্ত বিশ্বশর্মা লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সরকার গঠনের দাবি জানান।


