Monday, May 11, 2026
Latestরাজ্য​

চন্দ্রনাথ রথ খুনে উত্তরপ্রদেশ, বিহার থেকে গ্রেফতার ৩ শার্প শ্যুটার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় সাফল্য পেল তদন্তকারীরা। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজন শার্প শ্যুটারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জনকে উত্তরপ্রদেশ থেকে এবং একজনকে বিহারের বক্সার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের কলকাতায় নিয়ে এসে ভবানীভবনে রাতভর জিজ্ঞাসাবাদ চালানো হয়। সোমবার ধৃতদের বারাসত আদালতে তোলা হতে পারে বলে সূত্রের খবর।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের ঘটনার দিন আততায়ীরা বালি টোলপ্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টোলের টাকা দেয়। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা প্রথম গুরুত্বপূর্ণ তথ্য হাতে পান। ইউপিআই ট্রানজ্যাকশনের তথ্য বিশ্লেষণ করে উত্তরপ্রদেশে পৌঁছয় তদন্তকারী দল। পরে সেখান থেকেই দুই শার্প শুটারকে গ্রেফতার করা হয়। অন্যদিকে বিহারের বক্সার এলাকা থেকে ধরা হয় আরও এক অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের পরই ভিনরাজ্যে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিল অভিযুক্তরা। তদন্তকারীদের অনুমান, অত্যন্ত পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা চেষ্টা চলছে, কার নির্দেশে বা কারা সুপারি দিয়ে এই খুন করিয়েছে।

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। তদন্তকারীরা বিভিন্ন রাজ্যে গিয়ে তথ্য সংগ্রহ করছেন। পুলিশ সূত্রে খবর, যে গাড়িটি চন্দ্রনাথ রথের গাড়ির পথ আটকায়, সেটি ঘটনার দিন বালি টোল প্লাজা পেরিয়ে মধ্যমগ্রামে প্রবেশ করে। সেই সময় ইউপিআইয়ের মাধ্যমে টোল পরিশোধ করা হয়েছিল। তদন্তে উঠে এসেছে, গাড়িটি ঝাড়খণ্ডের নম্বরযুক্ত।

এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোলের টাকা দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্টের মালিক কে। পাশাপাশি ঘটনার আগে ও পরে এলাকা থেকে কোথায় কোথায় ফোন করা হয়েছিল এবং কোন কোন নম্বর থেকে যোগাযোগ করা হয়েছিল, তার কল ডিটেলসও বিশ্লেষণ করা হচ্ছে।

তদন্তকারীদের অনুমান, প্রায় দেড় মাস আগে থেকেই এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। সেই সময়কালে চন্দ্রনাথ রথের কারও সঙ্গে কোনও বিবাদ বা শত্রুতা তৈরি হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। খুনের নেপথ্যে রাজনৈতিক না ব্যক্তিগত কারণ রয়েছে, তা নিয়েও তদন্ত চলছে।