‘পশ্চিমবঙ্গে কৃষ্ণ মন্দির হতে পারে, কিন্তু বাবরি মসজিদ নয়’, হুঙ্কার হিমন্ত বিশ্বশর্মার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার কোচবিহারে (Cooch Behar) বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে একের পর এক কড়া আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)।
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। প্রথম দফার ভোটের আর হাতে গোনা কয়েকদিন বাকি। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা, মিছিল ও প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি।
কোচবিহারের মাটি থেকে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “বাংলা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় যে কেউ এসে বলবে এখানে বাবরের নামে মসজিদ হবে, আবার কেউ বলবে ঔরঙ্গজেবের নামে কিছু হবে। মনে রাখতে হবে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) বাংলা।” তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি বাংলার সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন।
এদিন তিনি সরাসরি হুমায়ুন কবীরের (Humayun Kabir) নাম করে আক্রমণ করেন এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তাঁর বক্তব্য, “হুমায়ুন বলছেন বাংলায় বাবরি মসজিদ তৈরি হবে। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে তবে অসমে এসে এই কথা বলে দেখান।” এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তোলেন।
তৃণমূল কংগ্রেসকেও নিশানা করে দাবি করেন, ‘শাসক দলের মদতেই এই ধরনের মন্তব্য করার সাহস পাচ্ছেন বিরোধী নেতারা। তাঁর অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকার ধর্মীয় ইস্যুকে ইচ্ছাকৃতভাবে উসকে দিচ্ছে এবং ভোটের রাজনীতিতে তা ব্যবহার করছে।
হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, “বাংলায় কৃষ্ণ মন্দির হতে পারে, কিন্তু বাবরি মসজিদ নয়।”


