Friday, April 17, 2026
Latestরাজ্য​

TMC Debasish Kumar: রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, তোলপাড় রাজ্য রাজনীতি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। ঠিক এই আবহেই রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল আয়কর হানা। শুক্রবার ভোরে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালায় আয়কর দফতর।

জানা গিয়েছে, সকাল সাড়ে ৫ টা নাগাদ মনোহরপুকুর এলাকার তাঁর বাসভবন ও অফিসে পৌঁছন আয়কর আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একযোগে দুটি ঠিকানাতেই তল্লাশি শুরু হয়। যদিও ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই অভিযান, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রচারের মাঝেই আচমকা এই তল্লাশির জেরে আপাতত বাড়িতেই অবস্থান করছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, হানার খবর ছড়াতেই তাঁর কার্যালয়ের সামনে ভিড় জমায় তৃণমূল সমর্থকরা। স্লোগান তুলতে থাকেন তাঁরা। সমর্থকদের অভিযোগ, কার্যালয়ের নথিপত্র খতিয়ে দেখার নামে অযথা হয়রানি করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনও করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটের ঠিক আগে এই ধরনের পদক্ষেপের পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত। কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের চাপে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

উল্লেখ্য, এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি জমি প্রতারণা মামলায় দেবাশিস কুমার-কে তলব করেছিল। তিনি তদন্তকারীদের সামনে হাজিরাও দেন। তদন্তে উঠে আসে, একটি প্রকল্পের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এমনকি জোরপূর্বক জমি দখলের অভিযোগও সামনে এসেছে। সেই সূত্রেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় তদন্তকারী সংস্থা, যেখানে তাঁর নামও উঠে আসে বলে সূত্রের খবর।

ভোটের মুখে এই ধারাবাহিক কেন্দ্রীয় তদন্ত ও তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার, এই ঘটনা নির্বাচনী প্রচারে কতটা প্রভাব ফেলে এবং রাজনৈতিক তরজাকে কোন দিকে নিয়ে যায়।