Chintamani Biha: প্রচারে বেরিয়ে ধান সেদ্ধ করলেন তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোট এলেই মঞ্চের ভাষণ, মাইক আর পোস্টারের গণ্ডি পেরিয়ে প্রার্থীরা তখন পৌঁছে যান সরাসরি মানুষের কাছাকাছি। কখনও রাজমিস্ত্রির পোশাকে ইট গাঁথা, কখনও কড়াই হাতে চপ ভাজা, কখনও অন্যের দাড়ি কামিয়ে দেওয়া, আবার কখনও রান্নাঘরে ব্যস্ত, এই সব ছবি এখন আর নতুন নয়। তবে দক্ষিণ দিনাজপুরের তপনে এ বার দেখা গেল একেবারেই অন্য চিত্র, ধান সেদ্ধ করতে নেমে পড়লেন প্রার্থী নিজেই।
রবিবার সকালে তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর গ্রামে হঠাৎই চোখে পড়ে এই ব্যতিক্রমী দৃশ্য। উনানে ধোঁয়া উঠছে, পাশে গ্রামবাসীদের ভিড়, আর তাঁদের মাঝখানেই বসে তৃণমূল (টিএমসি) প্রার্থী চিন্তামণি বিহা ধানের আগাছা দিয়ে ধান সিদ্ধ করছেন। প্রার্থী হিসেবে নয়, যেন একেবারে গ্রামেরই একজন মানুষ, এই ভাবেই নিজেকে মেলে ধরতে দেখা যায় তাঁকে।
গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলতে বলতে, হাসি-ঠাট্টার মধ্যেই চলছিল কাজ। কেউ বিস্ময়ে তাকিয়ে, কেউ মোবাইলে ছবি তুলছেন, আবার কেউ বলছেন, এমন দৃশ্য আগে দেখেননি। স্থানীয়দের একাংশ মনে করছেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে প্রার্থীরা সাধারণ মানুষের জীবনযাত্রার আরও কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করছেন। তাঁদের প্রতিদিনের সংগ্রাম, সমস্যা এবং বাস্তবতা বোঝার চেষ্টা করছেন সরাসরি।
তবে এর অন্য দিকও রয়েছে। এলাকারই আর একাংশের মতে, ভোটের সময় এই ধরনের কর্মকাণ্ড এখন প্রায় নিয়মে দাঁড়িয়েছে, যা অনেকেই ‘ভোটের অভিনয়’ বলেই কটাক্ষ করছেন।
এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিন্তামণি বিহা। তাঁর কথায়, “মানুষের পাশে থাকতে গেলে তাঁদের জীবনের সঙ্গে মিশতে হবে। শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, তাঁদের কাজকর্মও বুঝতে হবে।” এ দিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি প্রার্থী বুধরাই টুডু কটাক্ষ করে বলেন, “এ সবই প্রচারের কৌশল। মানুষ তাঁকে গ্রহণ করছে না, সেটা বুঝতে পেরেই এমন নাটক করছেন।”


