আগামী ৭ দিনে ২১টি জনসভা এবং ৪টি রোড শো করবেন মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন নির্বাচনের আগে রাজ্যে জোরকদমে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা সাত দিনের কর্মসূচিতে রাজ্যের একাধিক জেলায় সভা, জনসভা ও রোড শোয়ের মাধ্যমে জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সাত দিনে মোট ২১টি জনসভা এবং ৪টি রোড শো করবেন মুখ্যমন্ত্রী। ১২ এপ্রিল বাঁকুড়ার ছাতনা, বিষ্ণুপুরের ওন্দা এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে তিনটি সভা দিয়ে শুরু হচ্ছে এই কর্মসূচি। পরের দিন, ১৩ এপ্রিল বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের আউসগ্রাম এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্বে সভা করার কথা রয়েছে তাঁর।
১৪ এপ্রিল ঘাটাল, তমলুক এবং হাওড়া সদরে তিনটি সভা করবেন মুখ্যমন্ত্রী। ১৫ এপ্রিল উত্তর দিনাজপুরে একটি জনসভা থাকলেও, একই দিনে শিলিগুড়ি এবং মালে দুটি রোড শোয়ের পরিকল্পনা রয়েছে।
১৬ এপ্রিল উত্তরবঙ্গের মাথাভাঙা, আলিপুরদুয়ার এবং দিনহাটায় তিনটি সভায় অংশ নেবেন তিনি। ১৭ এপ্রিল কোচবিহার ও বাঁকুড়ায় দুটি জনসভা এবং দুর্গাপুরে একটি রোড শো করবেন।
সবচেয়ে ব্যস্ত দিন ১৮ এপ্রিল। ওই দিন উলুবেড়িয়া, বারুইপুর, ভাঙড়, সোনারপুর, হাওড়া ও শিবপুর—এই ছয়টি জায়গায় সভা করার পাশাপাশি হাওড়ায় একটি রোড শোতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধারাবাহিক জনসংযোগ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করার চেষ্টা চলছে, তেমনই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে জনসমর্থন আরও মজবুত করার বার্তাও দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


