Sunday, April 12, 2026
Latestরাজ্য​

বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সম্পত্তির পরিমাণ ৩ কোটির বেশি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের বনগাঁ দক্ষিণের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য-কে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বাড়ছে কৌতূহল। রাজনীতির পাশাপাশি ব্যবসা ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই ইনফ্লুয়েন্সারের নাম অতীতে দুর্নীতির অভিযোগেও জড়িয়েছিল বলে দাবি উঠেছে। ফলে তাঁর প্রার্থীপদ ঘোষণা হতেই নজর ঘুরেছে তার আর্থিক অবস্থার দিকেও।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, উচ্চমাধ্যমিক পাশ ঋতুপর্ণা আঢ্য বিপুল সম্পত্তির মালিক। তার মোট ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১১ লক্ষ ৮৪ হাজার ২৯৬ টাকা। বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে আইডিবিআই, আইসিআইসিআই, স্টেট ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে রয়েছে এই অর্থ। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ—১০ লক্ষেরও বেশি—রয়েছে পোস্ট অফিসের অ্যাকাউন্টে।

শুধু সঞ্চয় নয়, বিনিয়োগের ক্ষেত্রেও বেশ সক্রিয় ঋতুপর্ণা। একটি সংস্থার পার্টনারশিপে তাঁর বিনিয়োগের পরিমাণ ৩৪ লক্ষ ৩৩ হাজার ৬১২ টাকা। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও তাঁর বিনিয়োগ রয়েছে বলে হলফনামা থেকে জানা যায়।

অস্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে একটি গাড়ি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। যদিও ওই গাড়ির জন্য ১৩ লক্ষ টাকার বেশি ঋণ রয়েছে তার নামে। এছাড়াও তার কাছে রয়েছে ১৫০ গ্রাম সোনা, যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকারও বেশি। সব মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি ৮২ লক্ষ ৭৫ হাজার ৩৭০ টাকা।

অন্যদিকে, স্থাবর সম্পত্তিও কম নয়। হলফনামা অনুযায়ী, ঋতুপর্ণার নামে রয়েছে দুটি কৃষিজমি এবং দুটি বাড়ি। এই স্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ১ কোটি ৩২ লক্ষ ২০ হাজার টাকা।

মনোনয়ন জমা দেওয়ার সময় তার হাতে নগদ ছিল ৯১ হাজার ৬৬ টাকা। চলতি অর্থবর্ষে তাঁর মোট আয় ৩৬ লক্ষ ৪২ হাজার ৬৮৮ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে, রাজনীতির ময়দানে নতুন করে আলোচনায় উঠে আসা ঋতুপর্ণা আঢ্য শুধু রাজনৈতিক পরিচয়েই নন, তার বিপুল সম্পত্তি ও বিনিয়োগও নজর কেড়েছে।