Sunday, April 12, 2026
Latestরাজ্য​

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ১ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রতি বছর বর্ষা এলেই প্লাবিত হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকা। জলবন্দি হয়ে পড়েন হাজার হাজার গ্রামবাসী, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে সামনে এসেছে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। কিন্তু ভোট এলেই এই প্রকল্পকে ঘিরে প্রতিশ্রুতি বাড়লেও বাস্তবায়নের গতি নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। এরই মধ্যে ডেবরায় নির্বাচনী প্রচারে এসে বিষয়টি নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে তুলে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, এই প্রকল্পের জন্য নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের তরফে প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং মোট খরচের ৬০ শতাংশ বহন করতেও কেন্দ্র রাজি ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারই সেই উদ্যোগকে বাস্তবায়িত হতে দেয়নি বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যত জঞ্জালে পরিণত করেছে রাজ্য সরকার।”

অমিত শাহ আরও বলেন, “রাজ্যে বিজেপি সরকার গঠন হলে এক বছরের মধ্যেই এই প্রকল্প সম্পূর্ণ করে ঘাটাল অঞ্চলের নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”

এই মন্তব্যের পাল্টা জবাব দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, অমিত শাহ প্রকল্পের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত নন। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “উনি কিছু জানেন না।”

ফলে ভোটের ফের একবার ঘাটাল মাস্টার প্ল্যান আবারও রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে। একদিকে কেন্দ্রের আর্থিক সহযোগিতা নিয়ে দাবি, অন্যদিকে রাজ্যের বাস্তবায়ন সংক্রান্ত পাল্টা যুক্তি। সব মিলিয়ে নির্বাচনের মুখে এই প্রকল্প যে বড় ইস্যু হয়ে উঠছে। তবে বাস্তবে কবে এই দীর্ঘদিনের জলনিকাশি সমস্যার সমাধান হবে, সেটাই এখন ঘাটালবাসীর সবচেয়ে বড় প্রশ্ন।