রেশনের গম পাচার? পশ্চিমবঙ্গের ১৫টি ঠিকানায় একযোগে ইডির হানা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোটের উত্তাপে যখন ক্রমেই চড়ছে বাংলার রাজনৈতিক পারদ, ঠিক তখনই ফের শিরোনামে উঠে এল রেশন বণ্টন দুর্নীতি মামলা। শুক্রবার সকাল থেকেই জোর কদমে তল্লাশি অভিযানে নামে Enforcement Directorate (ইডি)। একযোগে কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ ও হাওড়া-সহ মোট ১৫টি জায়গায় অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।
ইডি সূত্রে খবর, এই তল্লাশি অভিযানে উঠে এসেছে এক প্রভাবশালী ব্যবসায়ীর নাম। তদন্তকারীদের একাধিক দল ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। কলকাতার পোদ্দার কোর্ট এবং মিন্টো পার্ক এলাকায় একাধিক অফিসে তল্লাশি চালানো হয়। বিশেষ করে একটি ফুড প্রোডাক্ট সংস্থার অফিস ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়েছে, যেখানে একই ঠিকানায় একাধিক সংস্থার উপস্থিতি রয়েছে।
তদন্তে উঠে এসেছে ব্যবসায়ী বসন্ত কুমার শরাফের নাম। তাঁর বাড়িতেও পৌঁছয় ইডির একটি দল। কীভাবে রেশনের গম পাচার হত, এর সঙ্গে কোনও প্রভাবশালী চক্র জড়িত কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে দাবি, বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে এই অভিযান। নজরে রয়েছেন ১২ জনের বেশি রফতানিকারক।
সূত্রের খবর, ২০২০ সালে উত্তর ২৪ পরগনার ভোজাডাঙা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ গম পাচারের চেষ্টা হয়েছিল। অভিযোগ, প্রায় ১৭৫টি ট্রাকে করে প্রায় ৫১০০ টন গম পাচার করা হচ্ছিল, যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা। সেই সময় শুল্ক দফতর ওই পাচার রুখে দেয়। তদন্তকারীদের দাবি, সরকার থেকে আটা মিলগুলিকে দেওয়া রেশনের গম চুরি করে তা বাংলাদেশে পাচার করা হত।
এই মামলায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী Jyotipriya Mallick-কে। বর্তমানে তিনি জামিনে মুক্ত। ইডির চার্জশিটে তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালের ১৫ জানুয়ারি তিনি জামিন পান।
এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে ফের প্রার্থী করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককেই। তাঁকে সমর্থন জানাতে নির্বাচনী সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, “বালুকে ফাঁসানো হয়েছে। ভুয়ো রেশন কার্ড কেলেঙ্কারি ধরেছিল বলেই ওকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে।”
সব মিলিয়ে ভোটের আবহে এই নতুন করে ইডি-র তল্লাশি রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য তৈরি করেছে। রেশন দুর্নীতি মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


