১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কত টাকার সম্পত্তি রয়েছে মমতার? কী বলছে হলফনামা?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: টানা প্রায় দেড় দশক ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। রাজনীতির ময়দানে তাঁর পরিচয় যেমন লড়াকু নেত্রী হিসেবে, তেমনই ব্যক্তিগত জীবনে সরলতার জন্যও তিনি পরিচিত। এবার ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর দেওয়া হলফনামায় উঠে এল সেই সরল জীবনযাত্রারই স্পষ্ট প্রতিফলন।
এই হলফনামা অনুযায়ী, বহু বছর মুখ্যমন্ত্রী থাকার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নেই কোনও বাড়ি, জমি বা ব্যক্তিগত গাড়ি। এমনকি কোটিপতি তো দূরের কথা, তাঁর মোট সম্পত্তির পরিমাণও তুলনামূলকভাবে অনেক কম।
হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, গত কয়েক অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আয়ের মধ্যে ওঠানামা দেখা গেছে।
২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা ।
২০২৩-২৪ অর্থবর্ষে আয় ছিল ২০ লক্ষ ৭২ হাজার ৭৪০ টাকা।
২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়—৩৮ লক্ষ ১৪ হাজার ৪১০ টাকা।
এই তথ্য থেকে স্পষ্ট, প্রতি বছর নির্দিষ্ট স্থিতিশীল আয় না থাকলেও, তাঁর উপার্জন মূলত সরকারি বেতন, সুদ এবং অন্যান্য উৎস থেকেই আসে।
এছাড়াও হলফনামায় জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে তিনি টিডিএস (TDS) বাবদ ৪০ হাজার ৬০০ টাকা ফেরত পেয়েছেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ৭৫ হাজার ৭০০ টাকা, যা একজন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তুলনামূলকভাবে খুবই কম বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান ব্যাঙ্কের একটি প্রধান অ্যাকাউন্টে রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা , নির্বাচনী খরচের জন্য আলাদা অ্যাকাউন্টে রয়েছে ৪০ হাজার টাকা।
সব মিলিয়ে তাঁর ব্যাঙ্কে মোট জমা অর্থ দাঁড়ায় প্রায় ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা।
চকচকে জীবনযাপন থেকে বরাবর দূরে থাকা Mamata Banerjee-র গয়নার পরিমাণও অত্যন্ত সীমিত।
হলফনামা অনুযায়ী, তাঁর কাছে রয়েছে—
৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা
যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা ।
এটি থেকে স্পষ্ট, ব্যক্তিগত বিলাসবহুল সম্পদের প্রতি তাঁর আগ্রহ খুবই কম।
নগদ অর্থ, ব্যাঙ্কে সঞ্চয় এবং গয়নার মূল্য একত্র করলে তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় প্রায়— ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা ৭১ পয়সা ।
একজন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এই অঙ্ক নিঃসন্দেহে ব্যতিক্রমী।
হলফনামার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল—
তাঁর নামে কোনও কৃষিজ জমি নেই , কোনও অকৃষিজ জমিও নেই , নিজস্ব বাড়ি নেই , ব্যক্তিগত গাড়ি নেই।
এছাড়া তিনি জানিয়েছেন, তাঁর নামে কোনও ঋণ বা দেনা নেই। অর্থাৎ, তিনি সম্পূর্ণ ঋণমুক্ত অবস্থায় রয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র এই সম্পত্তির হিসেব প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে যেখানে বহু রাজনীতিকের বিপুল সম্পত্তির তথ্য সামনে আসে, সেখানে তাঁর এই সীমিত সম্পত্তি ও সরল জীবনযাপন অনেকের কাছেই ব্যতিক্রম হিসেবে ধরা পড়েছে।
সমর্থকদের একাংশ মনে করছেন, এটি তাঁর দীর্ঘদিনের সাধারণ জীবনধারারই প্রতিফলন। অন্যদিকে বিরোধী মহলেও এই তথ্য নিয়ে নানা রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে।
দীর্ঘ ১৫ বছরের মুখ্যমন্ত্রীত্ব, দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব—তবু ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ সীমিত। মমতার হলফনামা আবারও তুলে ধরল তাঁর সেই পরিচিত সরল জীবনযাত্রার ছবি।
রাজনীতির চৌকাঠ পেরিয়ে এই তথ্য এখন জনমানসে এক আলাদা আলোচনার বিষয় হয়ে উঠেছে—ক্ষমতা ও ব্যক্তিগত জীবনের ব্যবধান নিয়ে নতুন করে ভাবাচ্ছে।


