পশ্চিমবঙ্গে কংগ্রেসের ইস্তেহার প্রকাশ, মহিলাদের মাসিক ২০০০ টাকা-সহ একাধিক বড় প্রতিশ্রুতি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে অবশেষে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরকে সঙ্গে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আনুষ্ঠানিকভাবে এই ইস্তেহার প্রকাশ করেন। দীর্ঘদিন পর রাজ্যে এককভাবে নির্বাচনে লড়তে নেমে একাধিক জনমুখী প্রতিশ্রুতি তুলে ধরেছে দল।
সাংবাদিক বৈঠকে খাড়গে জানান, মহিলাদের ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে। তিনি বলেন, ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত মহিলাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাও করা হবে। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ক্ষেত্রেও বড় ঘোষণা করেছে কংগ্রেস। খাড়গে জানান, রাজ্যের প্রতিটি নাগরিককে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া হবে, যা সম্পূর্ণ রাজ্যের তহবিল থেকে বহন করা হবে। তাঁর দাবি, এর ফলে সাধারণ মানুষ সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন।
কৃষকদের জন্যও একাধিক কল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সভাপতি বলেন, বছরে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে কৃষকদের। এর পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত ফসল সংগ্রহ ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে, যাতে কৃষকদের আয় বৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা ঘিরে ইতিমধ্যেই দলের অন্দরে ব্যাপক অসন্তোষ সামনে এসেছে। সম্প্রতি কলকাতার বিধানভবনে প্রদেশ কংগ্রেস দফতরে প্রার্থী বাছাই নিয়ে বিক্ষোভ, তর্কাতর্কি এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। ক্ষুব্ধ কর্মীদের একাংশ প্রকাশ্যে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই অশান্তির মধ্যেই আরও ১০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দল।
এবারের নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও সরাসরি ভোটের ময়দানে নেমেছেন। শ্রীরামপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সংগঠনের ভিত মজবুত করার পাশাপাশি জনমুখী ইস্তেহার দিয়ে ভোটযুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া কংগ্রেস।


