Tuesday, March 31, 2026
Latestরাজ্য​

PM Modi: আলিপুরদুয়ার নয়, ৫ এপ্রিল কোচবিহারের রাসমেলার মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম নির্বাচনী সভার স্থান পরিবর্তন করা হল। আগে ঠিক ছিল ৫ এপ্রিল আলিপুরদুয়ারে সভা করবেন তিনি। কিন্তু সেই সভা বাতিল করে একই দিনে কোচবিহারের রাসমেলা মাঠে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সভার দিন অপরিবর্তিত থাকলেও স্থান বদলানো হয়েছে। তবে কেন আলিপুরদুয়ারের সভা বাতিল করা হল, সে বিষয়ে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

এরপর আবার ১০ এপ্রিল বাংলায় ফিরবেন প্রধানমন্ত্রী। সেদিন শিলিগুড়িতে তাঁর রোড শো করার কথা রয়েছে। ফলে উত্তরবঙ্গকে ঘিরেই প্রথম দফায় প্রচারে জোর দিচ্ছে বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, এর আগে ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় সভা করেছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি বাংলায় ‘পরিবর্তন’-এর ডাক দেন। তার পরদিনই নির্বাচন কমিশন রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করে। তারপর থেকেই প্রশ্ন উঠছিল, কবে থেকে বাংলায় পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী।

দলের একাংশ চেয়েছিল রামনবমীর দিন থেকেই প্রচার শুরু হোক। আবার মার্চের শেষ সপ্তাহেও মোদীর আসার জল্পনা ছিল। শেষ পর্যন্ত ৫ এপ্রিল দিনটি চূড়ান্ত হলেও বদলে গেল সভার স্থান।

এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় দুই দফায় ভোটগ্রহণ হবে ২৩ এবং ২৯ এপ্রিল। প্রথম দফাতেই উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হবে। ফলে হাতে সময় খুবই কম। সেই কারণেই উত্তরবঙ্গকে প্রাধান্য দিয়ে প্রথম সভার পরিকল্পনা করা হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে উঠে এসেছে। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনেও এই অঞ্চলে ভালো ফল করেছে গেরুয়া শিবির। তাই ভোটের শুরুতেই উত্তরবঙ্গকে ফোকাস করে প্রচারে নামছেন নরেন্দ্র মোদী।