Monday, March 30, 2026
Latestদেশ

PM Modi: মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সৌদির যুবরাজের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইজরায়েল সংঘাত এক মাস পার করলেও এখনও যুদ্ধবিরতির কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। এর ফলে উপসাগরীয় অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপর।

এই প্রেক্ষাপটে শনিবার (২৮ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের (Mohammed bin Salman) সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতি এবং তার বহুমুখী প্রভাব।

প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই প্রসঙ্গে বলেন। মোদী জানান, ‘জ্বালানি ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলার ঘটনায় ভারত উদ্বিগ্ন এবং এই ধরনের হামলার তীব্র নিন্দা করে।’ তিনি বলেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের আক্রমণ বন্ধ হওয়া জরুরি।’

মোদি তাঁর পোস্টে উল্লেখ করেন, পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং উভয়পক্ষই জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখা ও গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিরাপদ রাখার বিষয়ে একমত হয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই সমুদ্রপথগুলির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সৌদি আরবে বসবাসরত ভারতীয়দের কল্যাণে অব্যাহত সহযোগিতার জন্য যুবরাজকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, এর আগেও ২৪ মার্চ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ফোনে কথা বলেন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে মোদী স্পষ্ট করেন, ভারত দ্রুত উত্তেজনা প্রশমনের পক্ষে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আগ্রহী।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ভারতের এই কূটনৈতিক সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা—এই ৩টি দিক থেকেই পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ভারতের কাছে গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে, চলমান সংঘাতের মধ্যে ভারতের পক্ষ থেকে শান্তি ও স্থিতিশীলতার বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে গুরুত্ব পাচ্ছে।