‘ভোটের সময় পশ্চিমবঙ্গের মতো হিংসা দেশের আর কোথাও হয় না’, প্রশাসনকে তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নির্বাচনের প্রস্তুতি ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) স্পষ্ট জানিয়ে দেন, ভোটের সময় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।
বৈঠকের শুরুতেই কঠোর ভাষায় ডিএম, এসপি এবং পুলিশ কমিশনারদের ভর্ৎসনা করেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, দেশের অন্য অনেক রাজ্যে নির্বাচনের সময় তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় প্রতিবারই হিংসার অভিযোগ ওঠে। সেই পরিস্থিতি এবার আর মেনে নেওয়া হবে না বলেই স্পষ্ট বার্তা দেন তিনি।
প্রশাসনকে সতর্ক করে জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচনের সময় যদি কোনও রকম গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ভোট শেষ হওয়ার পরেও যদি তদন্তে কোনও আধিকারিকের দোষ প্রমাণিত হয়, তবুও তাঁকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশনের মতে, এই প্রক্রিয়ায় প্রশাসনের যে ভূমিকা প্রত্যাশিত ছিল, তা যথাযথভাবে পালন করা হয়নি। এই প্রসঙ্গে জ্ঞানেশ কুমার প্রশ্ন তোলেন, দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করা হল না কেন।
আগামী নির্বাচনের আগে প্রশাসনকে আরও সক্রিয় ও নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বার্তা, ভোট যেন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।


