Friday, March 13, 2026
Latestআন্তর্জাতিক

Sebastien Lecornu : ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকর্নুরকে মনোনীত করেছেন। এর আগে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু ‘আস্থা’ ভোটে পরাজিত হয়ে ইস্তফা দিয়েছেন। সোমবার অনুষ্ঠিত ভোটে ফরাসি আইনসভার ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন সদস্য বেরুর প্রতি ‘অনাস্থা’ প্রকাশ করেন। 

সেবাস্তিয়ান লেকর্নুর, যিনি বেরুর মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন, শিল্পমহল ও অর্থনীতির সঙ্গে নিবিড় যোগাযোগের জন্য পরিচিত। তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব, ফরাসি অর্থনীতির মন্দা এবং গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত শাসকজোটের ঐক্য রক্ষায় লেকর্নুরের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

বর্তমান সময়ে ফ্রান্সে নাগরিকদের দৈনন্দিন খরচ বৃদ্ধি, বিশেষ করে জ্বালানি ও খাদ্যের দাম বর্ধিত হওয়া, সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে। এ পরিস্থিতি অত্যন্ত রাজনৈতিকভাবে সক্রিয় ‘ন্যাশনাল র‌্যালি’ দলের মতো দক্ষিণপন্থী গোষ্ঠীর উত্থান ঘটিয়েছে। বেরু তার আর্থিক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আইনে আস্থা অর্জনের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে লেকর্নুরকে মনোনীত করেন।

ফরাসি সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী মনোনয়নের সিদ্ধান্তে প্রেসিডেন্টের ভূমিকা থাকলেও আইনপ্রণেতারা যেকোনো সময় তাকে প্রত্যাখ্যান করার অধিকার রাখেন। মাইকেল বার্নিয়েরের পর এ দ্বিতীয়বার হয়েছে, যখন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ‘আস্থা’ ভোটে পরাজিত হন। উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মধ্যে ফ্রান্সে দ্বিতীয়বার সরকার পতনের ঘটনা ঘটল।

ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এই রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকটকে আরো তীব্র করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।