এবার দূর হবে শুল্ক সমস্যা? ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী মোদীও
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক সুর প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমেরিকা নিয়মিতভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প মোদীকে ‘খুব ভাল বন্ধু’ হিসেবে উল্লেখ করে সম্পর্কের গভীরতা প্রকাশ করেছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমেরিকাকে ভারতের ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী মোদী জানান, ‘‘দু’দেশের মধ্যে যে বাণিজ্য জটিলতা সৃষ্টি হয়েছে, তা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আমাদের প্রতিনিধিদলগুলি দ্রুত আলোচনার মাধ্যমে পরিস্থিতি মসৃণ করার জন্য কাজ করছে।’’ তিনি আরও আশা প্রকাশ করেন, এই আলোচনার মধ্য দিয়ে ভারত-আমেরিকার অংশীদারির পথ আরও সুগম হবে।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব অর্থনীতিতে সাম্প্রতিক চাপের মধ্যে এই ধরনের দ্বিপাক্ষিক উদ্যোগ ভারত-আমেরিকার সম্পর্কে আগের মতো করতে পারে। বিশেষ করে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক দীর্ঘদিন ধরে। ট্রাম্প-মোদীর এই পারস্পরিক সমর্থন পরিস্থিতিকে ফের স্বচ্ছন্দভাবে এগিয়ে নেওয়ার পথ তৈরি করছে।


