Friday, April 17, 2026
দেশ

‘নোবেল শান্তি পুরস্কারের সবথেকে বড় দাবিদার নরেন্দ্র মোদী’, জোরালো সওয়াল নোবেল প্রাইজ কমিটির শীর্ষকর্তার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার শান্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল প্রাইজ দেওয়ার দাবি উঠলো। বিজেপির কোন নেতাকর্মী এই দাবি করেননি দাবি করেছেন খোদ নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডার।

বুধবার নোবেল প্রাইজ কমিটির ডেপুটি আসলে তোজে (Asle Toje) বলেন, “নোবেল শান্তি পুরস্কারের সবথেকে বড় দাবিদার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রশংসনীয় নীতির কারণেই ভারত শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।”

আসলে তোজে বলেন, “শান্তি স্থাপনের ঐতিহ্য রয়েছে ভারতের। ভারত একদিন সবথেকে ক্ষমতাশালী দেশ হবেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সবথেকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য নেতা হলেন প্রধানমন্ত্রী মোদী। একমাত্র তিনিই শান্তি স্থাপন করতে পারেন।”

তিনি আরও বলেন, “বিশ্বের প্রত্যেক নেতারই উচিত শান্তিস্থাপনের জন্য কাজ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো শক্তিধর নেতাদের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত। প্রধানমন্ত্রী মোদী শুধু ভারত ও তার অর্থনীতিকে তুলে ধরার চেষ্টাই করছেন না। পাশাপাশি বিশ্বের নানা বিষয় ও ঘটনায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”

উল্লেখ্য, আসলে তোজে হলেন নরওয়ের নোবেল কমিটির ডেপুটি লিডার। এই কমিটি ঠিক করেন কারা নোবেল পাবেন। চলতি সপ্তাহে ভারতে এসেছিলেন তারা। তারপরে তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত বলে রাখি, আমেরিকান সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তিনবার বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদী।