ফের ইতিহাস, IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে ভারতীয় বংশোদ্ভূত গীতা গোপীনাথ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (আইএমএফ) প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (FDMD) পদে উন্নীত হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত গীতা গোপীনাথ (Gita Gopinath)। বর্তমানে প্রতিষ্ঠানটির মুখ্য অর্থনীতিবিদ পদে কর্মরত আছেন গীতা। এ মাসে মুখ্য অর্থনীতিবিদ পদে তাঁর মেয়াদ শেষ হচ্ছে।
শোনা গিয়েছিল, হার্বাড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পদে ফিরতে পারেন তিনি। কিন্তু সকলকে চমকে দিয়ে আইএমএফয়ের কর্ণধার (ম্যানেজিং ডিরেক্টর) ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, গীতা আইএমএফের ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (IMF’s First Deputy Managing Director) হিসেবে যোগ দিতে চলেছেন।
উল্লেখ্য, এটি ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় সর্বোচ্চ পদ। প্রথম ভারতীয় তথা ভারতীয় বংশোদ্ভূত হিসেবে গীতা গোপীনাথই এই পদে বসতে চলেছেন। বর্তমানে করোনা পরিস্থিতির জেরে টালমাটাল অবস্থা। অত্যান্ত দায়িত্ব সহকারে সবকিছু সামলাচ্ছেন গীতা। নতুন পদে বসলে তার ওপর আরও গুরুদায়িত্ব বর্তাবে। নতুন দায়িত্ব সম্পর্কে গীতা বলেন, ‘‘এফডিএমডি পদে কাজের সুযোগ পেয়ে আমি সম্মানিত ও অভিভূত।”
গোপীনাথ কলকাতায় জন্মগ্রহণ করেন। স্কুলজীবন কেটেছে মহীশূরের নির্মলা কনভেন্ট স্কুলে। তাঁর বাবা এবং মা দু’জনেই কেরলের কন্নুরের মানুষ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন থেকে ১৯৯২ সালে বি.এ. ডিগ্রি এবং ১৯৯৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়েরই দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি এছাড়াও ১৯৯৬ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. অর্জন করেন। প্রিন্সটন-এ ডক্টরেট গবেষণাকালে তিনি প্রিন্সটন এর উড্রো উইলসন ফেলোশিপ রিসার্চ পুরস্কার পেয়েছিলেন।
২০১৮ সালের অক্টোবরে গীতা গোপীনাথ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ নিযুক্ত হন। গীতা গোপীনাথ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জন জ্বানস্ট্রা আন্তর্জাতিক গবেষণা ও অর্থনীতির অধ্যাপক।
২০১৮ সালের অক্টোবরে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আই এম এফ) পরিচালন অধিকর্তা ক্রিস্টিন লাগার্ড গীতা গোপীনাথকে আইএমএফের গবেষণা বিভাগের অর্থনৈতিক পরামর্শদাতা ও পরিচালক নিযুক্ত করেন। ২০১৮ সালে তিনি আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর একজন সহকর্মী নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী পুরস্কার পান। ২০১৪ সালে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৪৫ জন শীর্ষ অর্থনীতিবিদদের মধ্যে ২৫ তম হিসাবে নির্বাচিত হন এবং ২০১১ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে বিশ্বের তরুণ নেতা নির্বাচিত হন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

