Saturday, May 2, 2026
কলকাতা

এবার থেকে প্রতি মাসেই বাংলার পরিস্থিতি সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবে বঙ্গ বিজেপি সাংসদরা

কলকাতা: একুশের বিধানসভা ভোটের পর পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি, সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অভিহিত করতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা এখনও অব্যাহত রয়েছে। এই ইস্যুতে এর আগে একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। তবে এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে চলেছেন তাঁরা।

জানা গিয়েছে, এবার থেকে প্রতি মাসেই প্রধানমন্ত্রীর কাছে রাজ্য সম্পর্কে রিপোর্ট পেশ করবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে আবেদন করা হয়েছে। দু’‌দিনের মধ্যে রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী বলে খবর।

বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেন তাঁরা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। বৈঠকেই বাংলার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। তারপর থেকে প্রতি মাসে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ করবে বঙ্গ বিজেপি।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধীদের নিয়ে জোট গঠন করতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো কেন্দ্রের মোদী সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি। তারই অংশ হিসেবে প্রতি ২ মাস অন্তর দিল্লিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী। তারই পাল্টা হিসেবে বিজেপি এই পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।