কনভয়ে হামলার ঘটনায় ত্রিপুরা সরকারকে বিঁধলেন অভিষেক
আগরতলা: টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পর তৃণমূলের এবারের লক্ষ্য ত্রিপুরা জয়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ঝাঁপিয়েছে তারা। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ সদস্যকে হোটেলে আটকে রাখা, তারপরে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দলকে বিমানবন্দরে আটকে দেওয়া- সহ বিভিন্ন ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের রাজনীতি।
এবার সোমবার ত্রিপুরা গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তার গাড়ির ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। এই ঘটনায় ত্রিপুরা বিজেপি সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন অভিষেক। একাধিক টুইট করে বিজেপিকে আক্রমণ করেন তিনি।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগ করে টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, বিজেপি শাসনামলে ত্রিপুরার গণতন্ত্র! রাজ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য বিপ্লব দেবকে ধন্যবাদ।
কটাক্ষের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কথায় আছে ‘অতিথি দেব ভব’ অর্থাৎ অতিথিরা দেবতুল্য হয়ে থাকেন। তবে তার নমুনা ত্রিপুরায় এসেই দেখলাম। বিজেপি বরাবরই অভিযোগ করে বাংলায় গণতন্ত্র নেই। কিন্তু সর্বপ্রথমে এটা দেখুন ত্রিপুরায় কি হচ্ছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

