ইয়াস সতর্কতায় বুধবার বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা
কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগাম সতর্কতা হিসেবে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানিয়েছে।
আগাম সতর্কতা হিসেবে বিমানবন্দরের অস্থায়ী কাঠামো, ব্যারিকেড সরিয়ে ফেলা হয়েছে। উঁচু বাতিস্তম্ভের আলো-সহ বিমানবন্দরের আশপাশের বেশ কয়েকটি গাছ ছেঁটে ফেলা হয়েছে। অন্যদিকে, যে সমস্ত বিমানগুলি ব্যবহার হচ্ছে না, সেগুলিকে পার্কিং বে’তে নিয়ে যাওয়া হয়েছে। বিমানগুলিকে পরপর এমনভাবে রাখা হয়েছে যাতে ঝড়ে সরে না যায় এবং বিমানের ক্ষতি না হয়। বিমানবন্দর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
গতবছর আঘাত হানা ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষতি হয়েছিল কলকাতা বিমানবন্দরে। গোটা রানওয়ে জলে ভরে গিয়েছিল। পার্কিংয়ের ছাদের একাংশ ভেঙে পড়েছিল। যাতে করে বেশ কয়েকটি বিমান-সহ একটি হেলিকপ্টারের ক্ষতি হয়েছিল। বিমানবন্দরে বিভিন্ন অংশের দেওয়ালের চিড় ধরে গিয়েছিল। বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এদিকে, মৌসম ভবন প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার রাতের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ইয়াস। স্থলভাগের আরও কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে ইয়াস ওড়িশার পারাদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব,পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং সাগর দ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। উল্লেখ্য, আগাম সর্তকতা হিসেবে অনেকগুলি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

