Wednesday, April 15, 2026
রাজ্য​

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গৌরীশঙ্কর, মন্ত্রী বাচ্চু হাঁসদা

নদিয়া: বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেও তৃণমূল শিবিরে ভাঙন অব্যাহত। এবার বিজেপিতে যোগ দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত (TMC MLA Gaurishankar Dutta) এবং তপনের বিধায়ক তথা মন্ত্রী বাচ্চু হাঁসদা। অভিযোগ, টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বাচ্চু হাঁসদা। এদিকে, গৌরীশঙ্কর দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী হিসেবে পরিচিত।

বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন এই দুই নেতা। এছাড়া এদিন বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত, প্রাক্তন কাউন্সিলার নাসরিন খাতুন, জেলা পরিষদের সদস্য প্রবীর দাস, প্রাক্তন কাউন্সিলার চৈতালি বিশ্বাস, অরিজিৎ ঘোষ, দেবানন্দ শর্মা, সুপ্রীতি চট্টোপাধ্যায়, রাজা রায়চৌধুরী এবং রতন বিশ্বাসও।

গৌরীশঙ্কর দত্তের অভিযোগ, গত ২১ বছরে তৃণমূল কংগ্রেস আমাকে সৌজন্য দেখায়নি। তাই বিজেপিতে যোগ দিয়েছি। এখানে একজন কর্মী হিসেবে কাজ করব।

টিকিট না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন গৌরীশঙ্কর। তিনি জানান, ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে তৃণমূলের জেলা এবং রাজ্যস্তরের একাধিক পদ সামলেছি। কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান, ভাইস–চেয়ারম্যান ছিলাম। ২০১৬ সালে তেহট্টের বিধায়ক হই। সেই আমার সঙ্গেই অসৌজন্যতা দেখিয়ে আলোচনা না করেই প্রার্থী বাছাই করল তৃণমূল। টিভি দেখে জানতে পারলাম।

উল্লেখ্য, গৌরীশঙ্করের বদলে এবার তেহট্টে তৃণমূল প্রার্থী করা হয়েছে তাপসকুমার সাহাকে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।