Saturday, September 26, 2026
Latestদেশ

পহেলগাঁওয়ে মৃতদের পরিবারপিছু ৫০ লাখ টাকা ও সরকারি চাকরির ঘোষণা মহারাষ্ট্র সরকারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন নিরীহ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনার পর গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারগুলির পাশে দাঁড়াতে এগিয়ে এল মহারাষ্ট্র সরকার। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস মঙ্গলবার ঘোষণা করেন, হামলায় নিহত প্রত্যেক মহারাষ্ট্রবাসীর পরিবারকে ৫০ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সেইসঙ্গে পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি ও সন্তানদের শিক্ষার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।

জানা গিয়েছে, নিহত ২৬ জনের মধ্যে ৬ জন ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, “আজ রাজ্য মন্ত্রিসভায় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা শুধুই আর্থিক সহায়তা নয়, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক প্রয়াস।”

প্রসঙ্গত, এই নারকীয় হামলার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তানের মদতে হামলা হয়েছে বলেই বারবার দাবি করে এসেছে ভারত। যদিও ইসলামাবাদ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। পালটা জবাবে ভারত কড়া কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে—পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা বন্ধ, সিন্ধু জলচুক্তি বাতিল, ওয়াঘা-অটারি সীমান্ত সাময়িক বন্ধ সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানও পালটা কড়াকড়ি আরোপ করেছে। ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত, আকাশসীমা বন্ধ সহ বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে।