Thursday, June 25, 2026
রাজ্য​

যারা BSF- এর বিরুদ্ধে, তারা দেশের শত্রু: নিশীথ প্রামাণিক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে যারা BSF- এর দিকে আঙুল তুলছেন, তারা দেশবিরোধী এবং দেশের শত্রু, এমনটাই মন্তব্য করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, তৃণমূলের যে সমস্ত নেতা বিএসএফের কাজকর্মের সমালোচনা করছেন, তারা দেশ এবং দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে সম্মান করেন না। তারা ভুলে গিয়েছেন, বিএসএফ জওয়ানরা দেশের সীমানায় দাঁড়িয়ে পাহারা দেন বলেই তৃণমূলের নেতারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন।

১৯ ফেব্রুয়ারি তৃণমূল নিশীথের কোচবিহারের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে। এ প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। কোচবিহারের জনগণ এবং রাজবংশীরা এর জবাব দেবেন।

রাজবংশী যুবক প্রেম বর্মনের মৃত্যুতে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার ডেপুটি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায়। রাজবংশী যুবকের মৃত্যুর জবাবদিহি চেয়ে ১৯ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করার ডাক দেন তিনি।

তার বাড়ি ঘেরাও প্রসঙ্গে নিশীথ বলেন, আমার বাড়িতে বয়স্ক বাবা-মা রয়েছেন। যদি আপনার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ক্ষমতা থাকে, যদি বুকের পাটা থাকে তবে আপনি আসুন, দিল্লিতে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে দেখান। তবে বুঝব নেতা হিসেবে আপনার ম্যাচিওরিটি এসেছে। মানুষের মন জয় করতে না পেরে, প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে অভিষেক।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই, সীমান্ত সুরক্ষার কাজ বিএসএফ জওয়ানরা করবেন না তৃণমূলের গুন্ডারা করবে?

কোচবিহারের সাংসদের বক্তব্য, সীমান্তে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে বিএসএফ। জওয়ানরা আছেন বলেই দেশ নিরাপদ, নিরাপদ দেশবাসী। সীমান্তে বিএসএফের কাজকর্ম নিয়ে তৃণমূল প্রচণ্ড মাথাব্যথা। আর সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়েও প্রশ্ন করতে পিছপা হচ্ছেন না নেতারা। নেতাদের এই হঠাৎ মাথাব্যথার কারণ, এই আন্তর্জাতিক সীমানাগুলি দিয়ে আর এখন গরু, কয়লা, বালি, মানব পাচারের কারবার চলছে না। স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশে বন্ধ হয়ে গিয়েছে সবকিছু। সে কারণেই ক্ষোভ।