ভালোবাসা দিবসের নামে রাস্তাঘাটে নোংরামি চলবে না, কুকুরের বিয়ে দিয়ে প্রতিবাদ হিন্দু সংগঠনের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভ্যালেন্টাইনস্ ডে হিন্দু সংস্কৃতির পরিপন্থী! এমনটাই দাবি জানিয়ে ভালোবাসা দিবস উদযাপনের প্রতিবাদে কুকুরের বিয়ে দিল হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু মুন্নানি’। এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গাতে। ভালোবাসা দিবসে রাস্তাঘাটে চলে নোংরামি। দিবসটির বিরুদ্ধে প্রতিবাদে ‘হিন্দু মুন্নানি’র তরফে দু’টি কুকুরের বিয়ের আয়োজন করা হয়।
‘হিন্দু মুন্নানি’র সদস্যদের দাবি, ভালোবাসা দিবস উদ্যাপন ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এই দিনে প্রেমিক-প্রেমিকারা জনসমক্ষে ‘নোংরামি’ করে এবং এর বিরোধিতা করতেই তাদের এই অভিনব প্রতিবাদ।
সোমবার হিন্দু মুন্নানির কর্মীরা দু’টি কুকুর ধরে নিয়ে আসে। তাদের কাপড় ও মালা পরিয়ে বিয়ে দেয়। তবে এবারই প্রথম নয়, বিগত বছরগুলিতেও ভালোবাসা দিবসের বিরোধিতা করে অভিনব ভাবে প্রতিবাদ জানিয়েছে এই সংগঠন।

