Saturday, June 6, 2026
রাজ্য​

এ যেন রি-ইউনিয়ন! প্রেসিডেন্সি জেলে পার্থ-তাপস-নীলাদ্রি-অশোক-মানিকদের সঙ্গে যোগ দিলেন সুদীপ্ত সেনও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে একের পর দুর্নীতির পর্দা ফাঁস। জেরায় উঠে আসছে তাবড় তাবড় সব নেতা-মন্ত্রীদের নাম। প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে রয়েছেন তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ এবং অশোক সাহা। তার পাশের সেলে রয়েছেন সারদা কাণ্ডের সুদীপ্ত সেন। আর তার ঠিক পাশের সেলে মানিক ভট্টাচাৰ্য। আর মানিকের ঠিক পাশের সেলেই রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সবমিলিয়ে এ যেন জেলের মধ্যেই বড়সড় রি-ইউনিয়ন! আড্ডার ছলে দুঃখকষ্ট ভাগ করে নিলেন তাপস-মানিক-পার্থরা। সারদা কাণ্ডের সুদীপ্ত সেনও পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে।

দীর্ঘদিন পরে ঘনিষ্ঠ ‘বন্ধু’ তাপস মণ্ডলকে দেখে অনেকসময় ধরে কথা বলেন টেট দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাপসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। জেল সূত্রে খবর, মানিক নাকি তাপসকে বলেন, ‘তুমি এখানেই থাকো। সেলেই থাকো। জেল হাসপাতালের অবস্থা ভালো নয়’।

তাপসকে সুদীপ্ত সেন বলেন, ‘এখানেই থাকুন। জেল হাসপাতালের অবস্থা খারাপ’।

তাপসকে দেখে দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল সম্পর্কে ক্ষোভ উগরে দেন পার্থ। প্রাক্তন মন্ত্রী পার্থ বলেন, ‘পাকা ছোকরা। আমার নামে মিথ্যে বলছে। আমার সঙ্গে কোনও দিন দেখাই হয়নি। আমি চিনিও না। জানিও না’। এসব শুনে পার্থকে তাপস বলেন, ‘কী আর করবেন স্যার! কুন্তল যা ইচ্ছে বলছে’।