Sunday, May 31, 2026
রাজ্য​

গোবরডাঙা থেকে ইসরোতে সুমন শিকদার, সেলাইয়ের কাজ করে লেখাপড়া, ছেলের সাফল্যে চোখে জল বাবার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলার মুখ উজ্জ্বল করে ইসরোতে (ISRO) চাকরির সুযোগ পেয়েছেন ৬ জন তরুণ। তাদের মধ্যে একজন উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা সুমন শিকদার। ২০১৯ সালে ইসরো টেকনিক্যাল বিভাগে নিয়োগ জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তখন ফর্ম ফিলাপ করে পরীক্ষা দিয়েছিলেন সুমন।

তবে করোনার কারণে মাঝে কোনও খোঁজখবর ছিল না। এমনকি ফলাফল প্রকাশিত হয়েছে কিনা তাও জানতে পারেন সুমন ও তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি সুমনের ঠিকানায় ইসরো তরফে পাঠানো নিয়োগপত্র এসে পৌঁছয়। নিয়োগ পত্র পৌঁছতেই খুশি হওয়া।

সুমনের সাফল্যে খুশি গোটা পরিবার। সেলাই করে শ্যামল শিকদার অতি কষ্টে দুই ছেলেকে মানুষ করছেন। সুমন তাঁর বড় ছেলে। মহাকাশ গবেষণা সংস্থায় চাকরি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সুমন।

২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরিতে যোগ দিতে বলা হয়েছে। তাই আজই তিনি শ্রীহরিকোটার উদ্দেশে রওনা দিয়েছেন।

সুমন বলেন, “আমি কেন্দ্রীয় সরকারের চাকরিতেই বেশি আবেদন করেছি, কারণ আমি প্রযুক্তিগত চাকরির পরীক্ষাগুলিই দিতাম। সেই কারণে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও ভয় লাগেনি।”

সুমনের বাবা বলেন, “আনন্দে চোখে জল চলে আসছে। আমি খুব কষ্ট করে ওদের পড়াশোনা শিখিয়েছি। আমি সেলাইয়ের কাজ করি। চাকরি পাওয়ার জন্য ছেলেও খুব কষ্ট করেছে। আমার ছোট ছেলে উচ্চমাধ্যমিক দেবে। বড় ছেলের সাফল্যে আমরা ভীষণ খুশি হয়েছি।”