Monday, December 15, 2025
রাজ্য​

ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারকে ৫ লাখ সাহায্য বিজেপির

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের একাধিক জায়গা থেকে হিংসার ঘটনা সামনে এসেছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের হাতে অন্তত ১৬ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাদের কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। পুকুর, মাছের ভেড়ি লুট হচ্ছে। এই পরিস্থিতিতে কর্মীদের পাশে রাজ্য বিজেপি। নিহতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে গেরুয়া শিবির।

এ প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ বলেন, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক হিংসায় আমাদের ১৬ জন কর্মী মারা গিয়েছেন। তাঁদের মধ্যে অর্ধেক পরিবারের হাতে আমরা ক্ষতিপূরণের ৫ লাখ টাকা তুলে দিয়েছি। হিংসা, সন্ত্রাস এখনও অব্যাহত। তাই আমাদের নেতারা সবার কাছে পৌঁছতে পারেননি। খুব শীঘ্রই আমরা বাকি পরিবারগুলির হাতেও ক্ষতিপূরণের অর্থ তুলে দেব।

রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বীরভূমের ইলামবাজারে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ক্ষতিপূরণের টাকা দিয়ে আসেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের দিনই দেশজুড়ে হিংসার বিরুদ্ধে ধর্না কর্মসূচি পালন করে বিজেপি। তারপরই নির্বাচন-পরবর্তী রাজনৈতিক হিংসায় নিহত কর্মীদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছে বিজেপি।

উল্লেখ্য, সম্প্রতি অসমের স্বাস্থ্যমন্ত্রী (বর্তমানে মুখ্যমন্ত্রী) হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন, ভোট পরবর্তী হিংসার কারণে পশ্চিমবঙ্গ থেকে কমপক্ষে ৩০০-৪০০ জন বিজেপি কর্মী তাদের পরিবার অসমে আশ্রয় নিয়েছেন। অসম সরকার তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।